২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news১৬ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ৮ শাবান ১৪৪৪ হিজরি

ক্রিকেটার নাসির ও তামিমার বিচার চলবে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ । ১:১৬ দুপুর

অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার বিচার চলবে বলে আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে নাসিরের শাশুড়ি সুমি আক্তার মামলার দায় থেকে অব্যাহতি থাকবেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মেদ রিভিশন খারিজ করে এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নাসির-তামিমার বিচার চলতে বাঁধা নেই।

গত ৩১ জানুয়ারি বাদীপক্ষ ও আসামিপক্ষের আবেদনের শুনানি গ্রহণ শেষে আদেশের জন্য এই তারিখ ধার্য করেন।

ওই দিন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান বলেন, নাসির-তামিমার বিচার শুরুর আদেশের বিরুদ্ধে আসামিপক্ষের রিভিশন আবেদন এবং সুমি আক্তারকে অব্যাহতির আদেশের বিরুদ্ধে বাদীপক্ষের রিভিশন আবেদনের শুনানি শেষে আদেশের জন্য ২৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

গত বছর ৬ মার্চ মহানগর দায়রা আদালতে নাসির ও তামিমার বিরুদ্ধে চার্জ গঠনের আদেশের বিরুদ্ধে রিভিশন করেন তাদের আইনজীবী কাজী নজিব্যুল্লাহ হিরু। এদিকে সুমি আক্তারকে অব্যাহতির আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাম্মির স্বামী রাকিব হাসান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

রাকিব হাসান জানান, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয়। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে। তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তাম্মি ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্র-পত্রিকায় তিনি ঘটনার বিষয়ে জানেন।

মামলায় আরও বলা হয়, তাম্মি ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার শিশুকন্যা মানসিক বিপর্যস্ত। আসামিদের এমন কার্যকলাপে রাকিবের চরমভাবে মানহানি হয়েছে।

মামলাটি তদন্ত করে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন পিবিআইয়ের পরিদর্শক শেখ মো. মিজানুর রহমান।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন