চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রইলেন আওয়ামী লীগ প্রার্থীসহ তিনজন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম, আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী এসএম মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী কাজী আয়েশা ফারজানা। প্রার্থিতা প্রত্যাহার করেছেন ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সোমবার (২৭ ফেব্রুয়ারি) মুহাম্মদ জাহাঙ্গীর আলম তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহা. জাহাঙ্গীর হোসেন এ তথ্য জানিয়েছেন।
এ উপ-নির্বাচনে অংশ নিতে গত ১৯ ফেব্রুয়ারি চারজন মনোনয়নপত্র দাখিল করেন। গত ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী আগামী ১৬ মার্চ বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলমের মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করা হয়।
২৪ঘণ্টা.জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ । ৬:৪৬ সন্ধ্যা