চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ফরিয়াদেরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হাঙ্গর খালের তীরে সরকারি খাস জায়গায় অবৈধভাবে পাকা ভবন নির্মাণ করছিল একই এলাকার মৃত আলী ফকিরের ছেলে নুরুল আমিন।
বিশেষ সূত্রে খবর পেয়ে গত ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে নবনির্মিত ভবনটি অভিযানে উচ্ছেদ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহজাহান।
মোহাম্মদ শাহজাহান জানান, উল্লেখিত এলাকায় সরকারি খাস জায়গায় অবৈধভাবে পাকা ভবন নির্মাণ করার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখলমুক্ত করা হয়েছে। উদ্ধারকৃত জমির পরিমাণ ০.০১৫৬০ একর। উক্ত জমির আনুমানিক মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। পাকা স্থাপনার বাজার মূল্য ২২ লাখ ২৫ হাজার টাকা।
সরকারি খাস জমিতে বিধি বহির্ভূতভাবে যিনি ভবন নির্মাণ করেছেন, ভবিষ্যতে এরূপ কাজ হতে বিরত থাকবেন মর্মে লিখিত অঙ্গীকার করেন এবং তাকে সড়ক হতে নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলতে নির্দেশ দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানকালে পদুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেয়াকত আলী, লোহাগাড়া থানার এসআই সাইদুল, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২৪ঘণ্টা.জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ মার্চ, ২০২৩ । ৭:৩৮ রাত