২৪ ঘন্টা নিউজ
সোমবার ৬ মার্চ ২০২৩ www.24ghonta.news২২ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ১৪ শাবান ১৪৪৪ হিজরি

পাকিস্তানে বোমা হামলায় ৯ পুলিশ নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৬ মার্চ, ২০২৩ । ৪:৩৮ বিকাল

পাকিস্তানের বেলুচিস্তানের বোলানে পুলিশের গাড়িতে বোমা হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১৩ পুলিশ সদস্য। আজ সোমবার এ ঘটনা ঘটে।

বেলুচিস্তানের কাচ্চি জেলার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এসএসপি) মোহাম্মদ নোতেজাই হতাহতের বিষয়টি জানিয়ে বলেন, সিবি-কাচ্চি সীমান্তের কামব্রি সেতু এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নোতেজাই বলেন, প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে, এটি আত্মঘাতী হামলা। তদন্তের পরই সুনির্দিষ্ট করে বলা যাবে, এটা কী ধরনের হামলা ছিল। আহতদের ঘটনাস্থলের কাছের হাসপাতালে নেওয়া হয়েছে। বম্ব ডিসপোজাল স্কোয়াড ও নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এ ছাড়া এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে এবং তল্লাশি অভিযান চালাচ্ছে।

বেলুচিস্তানের তথ্য বিভাগ বলছে, আহতদের কোয়েটায় নিতে সরকারি একটি হেলিকপ্টার বোলানে পাঠানো হয়েছে। এ ছাড়া কোয়েটাজুড়ে হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। এদিকে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মির কুদ্দোস বিজেনজো এই হামলার নিন্দা প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন