২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৭ মার্চ ২০২৩ www.24ghonta.news২৩ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ১৫ শাবান ১৪৪৪ হিজরি

গুলিস্তানে বিস্ফোরণে নিহত ১৬, আহত শতাধিক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ । ৯:১২ রাত

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদিন খালেদ সমকালকে জানান, বিস্ফোরণের খবর পেয়েছি বিকেল ৪টা ৫০ মিনিটে। ৪টা ৫৭ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

এ ঘটনায় ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক ১৬ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহতদের মধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১১ জনকে মৃত অবস্থায় নেওয়া হয়। এছাড়া হাসপাতালে যাওয়ার পরে আরও ৫ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুই জন নারী এবং ১৪ জন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, গুলিস্তান বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে একটি ৫ তলা ভবন এবং তার পাশের আরেকটি ৭ তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ভবনই ধসে পড়েনি। সাত তলা ভবনের নিচতলায় একটি স্যানিটারি দোকান ছিল। তার ওপরের কয়েক তলায় ব্র্যাক ব্যাংকের অফিস রয়েছে। বিস্ফোরণে বেশ কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস এখন পর্যন্ত ৮ জনকে জীবিত উদ্ধার করেছে। ৫টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে কাজ করছে।

জরুরি প্রয়োজনে রক্তদানের আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস। রক্তদানে আগ্রহীদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে যেতে অনুরোধ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন