২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৬ মার্চ ২০২৩ www.24ghonta.news২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ২৪ শাবান ১৪৪৪ হিজরি

চাকরি ফিরে পাচ্ছেন না শরীফ, শোকজ ছাড়াই অপসারণ করা যাবে দুদক কর্মচারীদের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ । ২:৫৪ দুপুর

রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেয়া এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্তিসহ অনিয়মের বিভিন্ন ঘটনার তদন্ত করে আলোচিত দুর্নীতি দমন কমিশনের বরখাস্ত উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন চাকরি ফিরে পাচ্ছেন না।

বৃহস্পতিবার কোনো কারণ দর্শানো (শোকজ) ছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মচারীদের অপসারণ সংক্রান্ত ৫৪(২) বিধি বাতিল বিষয়ক রিট খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

আইনজীবীরা জানিয়েছেন, এ রায়ের ফলে দুদকের অপসারিত কর্মকর্তা শরীফ উদ্দিন আর চাকরিতে ফিরতে পারবেন না।

২০০৮ সালের দুদক কর্মচারী বিধিমালার ৫৪ (২) বিধি অনুযায়ী গত বছরের ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করে দুদক।

ওই বিধিমালায় কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই একজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার ক্ষমতা দুদকের রয়েছে। এরপরই চাকরিচ্যুতি ও ৫৪(২) বিধির বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ।

রিটের শুনানিতে আপিল বিভাগ বলেন, দুদক কর্মকর্তা শরীফের চাকরিচ্যুতিতে তাড়াহুড়ো করার প্রয়োজন ছিল না। তবে অভিযোগ থাকলে দুদকের চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া যেত।

আদালত আরও বলেন, হতে পারে দুদক কর্মকর্তা শরীফের বিরুদ্ধে এমন কোনও অভিযোগ আছে যার ভিত্তিতে তাকে দ্রুত চাকরিচ্যুত করেছে সংস্থাটি।

শুনানি শেষে গত ২ মার্চ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৮ সদস্যের আপিল বেঞ্চ রায়ের জন্য ১৬ মার্চ দিন ধার্য করেছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন