২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ www.24ghonta.news৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ২৯ শাবান ১৪৪৪ হিজরি

হজে যেতে বয়সের বাধা প্রত্যাহার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ । ১০:৩৫ সকাল

সৌদি আরব সরকারের ঘোষণা অনুযায়ী, ২০২৩ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য নির্দিষ্ট কোনও বয়সসীমা নেই। ১২ বছরের নিচের বয়সের ব্যক্তিরাও পবিত্র হজ পালন করতে পারবে। এ তথ্য জানিয়ে সোমবার (২০ মার্চ) বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবার হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১২ বছর হতে হবে বলে যে শর্ত দেওয়া হয়েছিল, তা তুলে নিয়েছে সৌদি আরব।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মোট এক লাখ ১২ হাজার ৬৬৪ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এরমধ্যে সরকারিভাবে ৯ হাজার ৭৪৯ জন ও বেসরকারিভাবে এক লাখ দুই হাজার ৯১৫ জন।

সরকার তিন বার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ২১ মার্চ পর্যন্ত নিবন্ধন করা যাবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন