২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৪ এপ্রিল ২০২৩ www.24ghonta.news২১ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ১৪ রমজান ১৪৪৪ হিজরি

আইপি টিভিতে সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ । ৫:১১ ভোর

ইন্টারনেটভিত্তিক প্রোটোকল টেলিভিশন বা আইপি টিভিতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠানো হয়।

এতে বলা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৭ (সংশোধিত ২০২০) এর ৪ দশমিক ৩ অনুচ্ছেদ অনুযায়ী আইপি টিভিগুলো কোনোরকম সংবাদ প্রচার করতে পারবে না। লক্ষ্য করা যাচ্ছে, কোনো কোনো নিবন্ধিত/অনিবন্ধিত আইপিটিভি উক্ত নীতিমালা লংঘন করে সংবাদ প্রচার করছে। এ পরিপ্রেক্ষিতে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৭ (সংশোধিত ২০২০) লংঘনকারী আইপি টিভিগুলোকে সংবাদ প্রচার কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব ড. ডেনিসা রড্রিক্স স্বাক্ষর করেন।

এ বিষয়ে জানতে চাইলে তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ নিউজ বাংলাকে বলেন, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দেখা যায়, বিভিন্ন নিউজ ইভেন্টে ফোন ক্যামেরা, অন্য ছোট-খাটো বুমসহ নানা যন্ত্রপাতি দিয়ে উপদ্রব সৃষ্টি করা হচ্ছে। এসব কারণে মন্ত্রণালয়ের পুরনো সিদ্ধান্তকে বিজ্ঞপ্তি আকারে দেয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, একাধিক আইপি টিভির বিরুদ্ধে চাঁদাবাজিসহ গুরুতর নানা ধরনের অভিযোগ আছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন