খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

অনড় শিক্ষার্থীরা, কঠোর হওয়ার ইঙ্গিত সরকারের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ১০:২৯ অপরাহ্ণ
অনড় শিক্ষার্থীরা, কঠোর হওয়ার ইঙ্গিত সরকারের

সরকারি চাকরিতে কোটাপদ্ধতির সংস্কার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। হাইকোর্টের যে রায়কে কেন্দ্র করে মাঠে নেমেছেন তারা, সেই রায়ের ওপর ইতোমধ্যে এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে কোটাপদ্ধতির আপাতত কোনো কার্যকারিতা নেই। তবে উচ্চ আদালত থেকে রায় এলেও আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা বলছেন, বিষয়টির স্থায়ী সমাধান চান তারা। আর এটা করতে হবে নির্বাহী বিভাগকে। এজন্য আদালতের কাছে তাদের কোনো চাওয়া নেই, সব দাবি সরকারের কাছে।

তবে উচ্চ আদালত থেকে স্থিতাবস্থা আসার পর শিক্ষার্থীদের আন্দোলনের কোনো যৌক্তিকতা দেখছে না সরকার। এরপরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাকে হঠকারিতা হিসেবে দেখছেন সরকারের নীতি-নির্ধারকরা। তাদের ধারণা, এই আন্দোলন এখন নিছক শিক্ষার্থীদের আন্দোলন নয়, এর পেছনে তৃতীয় পক্ষের হাত থাকতে পারে। যারা নানাভাবে সরকারের পতন ঘটানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, তারাই এই আন্দোলনে ইন্ধন যোগাচ্ছে বলে ধারণা সরকারের।

শিক্ষার্থীদের এই আন্দোলনের শুরুতে সরকার অনেকটা নমনীয় থাকলেও এবার কঠোর হওয়ার কথা ভাবছেন নীতিনির্ধারকরা। আন্দোলনকারীদের নানাভাবে বুঝিয়ে নিজ নিজ ক্যাম্পাসে পাঠানোর চেষ্টা অব্যাহত রেখেছেন তারা। গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) সরকারের সিদ্ধান্ত ছিল, আন্দোলনকারীদের রাস্তা অবরোধ করতে দেওয়া হবে না। তবে শিক্ষার্থীরা জোর করেই শাহবাগে অবস্থান নেয়। কুমিল্লাসহ কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে সেই অভিযোগে আজ শুক্রবার (১২ জুলাই) ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভও করেছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথারীতি ক্যাম্পাস ছেড়ে শাহবাগ মোড় দখল করে এই বিক্ষোভ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আগামীকাল শনিবার (১৩ জুলাই) দেশের সব জেলা এবং ক্যাম্পাসের প্রতিনিধিদের সঙ্গে জনসংযোগ করবেন। এদিন সন্ধ্যায় তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। ধারণা করা হচ্ছে, রোববার থেকে বাংলা ব্লকেডের মতো কর্মসূচি দিতে পারেন আন্দোলনকারীরা। দাবি আদায়ের ব্যাপারে তারা অনড়। এক দফার এই আন্দোলনে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা পড়ার টেবিলে ফিরে যাবেন না বলে ঘোষণা দিয়েছেন।

এদিকে সরকার শুরু থেকেই শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে চিন্তিত। ২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলনে নতি স্বীকার করতে হয়েছিল সরকারকে। এবারও উচ্চ আদালত থেকে রায় আসার পরও দাবিতে অনড় শিক্ষার্থীরা। এজন্য এই রায় স্থগিত হওয়ার পেছনে সরকারেরও সায় ছিল। তাদের ধারণা, রায় স্থগিত হয়ে গেলে আন্দোলন থেমে যাবে। তবে এরপর আন্দোলন না থামায় সরকারকে বিষয়টি নতুন করে ভাবাচ্ছে।

সূত্র জানিয়েছে, করণীয় নির্ধারণে ইতোমধ্যে সরকারের নীতি-নির্ধারকরা বৈঠক করেছেন। তারা মনে করছেন, আদালত থেকে রায় আসার পর শিক্ষার্থীদের থেমে যাওয়া উচিত ছিল। এরপর তারা না থামায় এর পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। এই আন্দোলনের মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে একটি মহল। এজন্য যেকোনো মূল্যে আন্দোলন আর বাড়তে না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আর সেই সিদ্ধান্তের পরই প্রশাসন কড়া অবস্থানে যায়। সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগকেও দায়িত্ব দেওয়া হয়েছে এই আন্দোলন থামানোর। ছাত্রলীগও নিজেদের অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুক্রবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং আইনমন্ত্রী আনিসুল হক স্পষ্ট ভাষায় বলেছেন, এই আন্দোলনের পেছনে স্বাধীনতাবিরোধীদের ইন্ধন রয়েছে। তারা সরাসরি বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন এই আন্দোলনের জন্য। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না।

সূত্র জানিয়েছে, কোটা আন্দোলন দমাতে সরকার প্রশাসনকে ব্যবহার করবে। ইতোমধ্যে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম কর্মদিবস রোববার কোনো কর্মসূচি দিয়ে শিক্ষার্থীরা জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা করলে প্রশাসন কঠোর অবস্থানে যাবে। তবে শিক্ষার্থীদের বিষয়টি যেহেতু স্পর্শকাতর এজন্য এই আন্দোলন যেন কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সে দিকেও খেয়াল রাখতে বলা হয়েছে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…