খুঁজুন
, ,

রপ্তানী বৃদ্ধির লক্ষ্যে পণ্যের বহুমুখীকরণ ও নতুন বাজার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 9 January, 2020, 6:25 pm
রপ্তানী বৃদ্ধির লক্ষ্যে পণ্যের বহুমুখীকরণ ও নতুন বাজার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্ত্রখাতের সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের রপ্তানি আয় বৃৃদ্ধির লক্ষ্যে পণ্যের বহুমুখীকরণের পাশাপাশি নতুন বাজার খুঁজে বের করার আহবান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি বিশ্ব বাজারের সাথে ধারাবাহিকতা রেখে টেক্সটাইল পণ্যগুলোর বৈচিত্রকরণ করা খুব প্রয়োজন,”। তিনি বলেন, ‘একই জিনিষ সবসময় চলেনা। পোষাকের ক্ষেত্রেও তার ডিজাইন, রং এবং সবকিছু পরিবর্তন করতে হয়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বস্ত্র দিবস-২০১৯’ এবং ‘বহুমুখী বস্ত্রমেলা’র উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

তিনি বলেন, ‘একই সাথে, আমাদের বিদ্যমান পণ্যগুলোর ক্ষেত্রে ‘ভ্যালু অ্যাড’ এবং দেশের রফতানি আয় বাড়াতে নতুন নতুন বাজারের সন্ধান করতে হবে।’

‘এখন বিশ্ব পোষাক বাজারে বাংলাদেশ দ্বিতীয় অবস্থান অধিকার করে আছে। বাস্তবিক ক্ষেত্রে তা বিশ্ব বাজারের মাত্র ৬.৪০ শতাংশ। তাই আমাদের এই বিষয়টিতে নজর দিতে হবে, যোগ করেন তিনি।

তিনি বলেন, বিশ্ব বাজারে আমাদের পণ্যের চাহিদা বাড়ানোর জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। আমাদরকে এই লক্ষ্য অর্জনের জন্য স্বল্প, মধ্য এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

তিনি একইসঙ্গে বাজার সম্প্রসারণ এবং বস্ত্র খাতের প্রসারের জন্য বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতাদের সঙ্গে যতটুকু সম্ভব দরাদরি করে পণ্যের উপযুক্ত মূল্য আদায়েও ব্যবসায়ীদের মনযোগী হওয়ার পরামর্শ দেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সভাপতিত্ব করেন।
বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান মির্জা আজম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়াঁ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

অনুষ্ঠানে বস্ত্র খাতে অবদানের স্বীকৃতি স্বরূপ ৯টি সংস্থা এবং উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী পুরস্কার বিতরণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, কোন সিজনে বা বছরের কোন সময়ে কোন রংটা বেশি প্রভাব ফেলে- এরসঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের উৎপাদন বহুমুখীকরণ করা প্রয়োজন বলে আমি মনে করি। আর এজন্য আমাদের কিছু স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘ মেয়াদি পরিকল্পনা থাকা উচিত।

শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করি আপনারা এ ধরনের পরিকল্পনা প্রণয়ন ও গ্রহণ করবেন এবং সরকারের পক্ষ থেকে এক্ষেত্রে আমরা সবধরনের সহযোগিতা করবো।’

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে তৈরী এসব পোষাক পার পিস খুব অল্প টাকায় আমরা বিক্রয় করি। এক্ষেত্রে আমাদের পণ্য ক্রেতারা এক ডলার করেও যদি দাম বাড়াতো তাহলে মনে হয় এই খাতটাকে আমরা আরো উন্নত করতে পারতাম।

তিনি বলেন, যেহেতু প্রতিযোগিতার একটা ব্যাপার থাকে সেহেতু আমাদের রপ্তানিকারকগণ বায়ারদের সঙ্গে এই ‘বার্গেনিংটা’ করেন কিনা আমি বলতে পারবোনা। কিন্তু আমার মনে হয় একটু করা উচিত। বায়ার বা দেশগুলোকে বিষয়টি বলা উচিত।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, যেসব দেশে আমাদের তৈরী পোষাক রপ্তানি হয় সেসব দেশ সফরে গেলে তাঁদের সরকার প্রধানদের কাছে তিনি নিজে বিষয়টি তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একা তুলে ধরলে হবেনা। আপনারা যারা ব্যবসা করেন তাদেরও বোধ হয় একটু উদ্যোগ নিতে হবে।’

সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের প্রসংগ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে পারেন ব্যবসায়ীরা। আশা করি বিদেশি বিনিয়োগও আসবে।’

প্রধানমন্ত্রী বেসরকারি খাতের ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘পোশাক শিল্পের উন্নয়ন ও বিকাশ এবং বিশেষ করে এর আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে বেসরকারি খাতের ভূমিকা অগ্রগণ্য। তাই এখাতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা দরকার।’

তিনি নিজস্ব অভিজ্ঞতার আলোকে রাষ্ট্রীয় খাতের দুরাবস্থার কথাও এ সময় উল্লেখ করেন। সরকার প্রধান বলেন, ‘রাষ্ট্রীয় খাতে গেলেই অজানা কারণে আমরা লাভের মুখ দেখি না। জানি না এর পেছনে মূলত কী কারণ। তাই বেসরকারি খাতের দিকেই আমাদের আগ্রহ বেশি। তাদেরও এগিয়ে আসতে হবে।’

বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের ভূমিকা তুলে ধরে শেখ হাসিনা বলেন, দেশের জিডিপিতে এ খাতের অবদান ১৩ শতাংশ। তৈরি পোশাক খাতে প্রায় ৪৪ লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে যার অধিকাংশই নারী। পরোক্ষভাবে প্রায় ৪ কোটিরও বেশি মানুষ এ শিল্পের উপর নির্ভরশীল।

তিনি বলেন, ‘আমাদের সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা ও প্রণোদনা দিয়ে এ খাতকে শক্তিশালী করছে। বর্তমানে তৈরি পোশাক শিল্পের ৪টি খাতে সর্বোচ্চ ৪ শতাংশ হারে প্রণোদনা প্রদান করা হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এ বছরে অবশিষ্ট সকল খাতে ১ শতাংশ হারে রপ্তানি প্রণোদনা প্রদান করা হচ্ছে। এ প্রণোদনা বাবদ বাজেটে অতিরিক্ত ২,৮২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল গঠন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা, ন্যূনতম মজুরি কমিশন শক্তিশালী করা, শ্রম আইন সংশোধন ও শ্রম বিধিমালা জারি সহ শ্রমিকদের অধিকার সংরক্ষণে তাঁর সরকারের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি আরো উল্লেখ করেন, দেশের বস্ত্র খাতকে যুগোপযোগীকরণ, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনে সহায়তাকরণ এবং বিনিয়োগ আকর্ষণে বস্ত্রনীতি, ২০১৭ এবং বস্ত্র আইন, ২০১৮ প্রণয়ন এবং বস্ত্র পরিদপ্তরকে শক্তিশালী করে বস্ত্র অধিদপ্তরে উন্নীত করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বস্ত্রখাতে দক্ষ জনবল সৃষ্টিতে সারাদেশে এ পর্যন্ত ৭টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ৭টি টেক্সটাইল ইনস্টিটিউট এবং ৪২টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও বস্ত্রখাতে দক্ষ জনবল সৃষ্টি করছে। একইসঙ্গে বিজিএমইএ প্রতিষ্ঠিত ‘ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি’ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

জাতীয় অর্থনীতিতে তাঁতশিল্পের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের অভ্যন্তরীণ বস্ত্র চাহিদার প্রায় ৪০ শতাংশ তাঁতশিল্প যোগান দিয়ে থাকে।’

পাটপণ্যের প্রসারে তাঁর সরকারের পদক্ষেপসমূহের উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘পাট এমন একটি কৃষিপণ্য যা পরিবেশবান্ধব। আমরা পাটের জীবনরহস্য উন্মোচন করেছি। এখন পাট দিয়ে বিভিন্ন পণ্যের পাশাপাশি বস্ত্র নির্মাণের কাজও এগিয়ে চলেছে। এর বিকাশে সরকার কাজ করে যাচ্ছে।’

একদা সারা বিশ্বে দেশের মসলিনের সুনামের প্রসংগ টেনে তিনি বলেন, ‘মসলিনের হৃত গৌরব পুনরুদ্ধার করার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় নিবিড় গবেষণার মাধ্যমে মসলিনের সূতা ও কাপড় তৈরীর পদ্ধতি উদ্ভাবন করা হবে।’

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রেশম চাষ ব্যাপকভাবে সম্প্রসারণের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

তিনি বলেন, বর্তমানে এ শিল্পের সাথে জড়িতদের উন্নয়নের জন্য সরকার প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করছে। ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের সাথে রেশম চাষ সম্পৃক্ত করা হয়েছে। এ বছর রাজশাহী রেশম কারখানায় ১৯ টি পাওয়ার লুম চালু করা হয়েছে।

দেশের বন্ধ কল-কারখানা চালুতে তাঁর সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন এর ১৬টি বন্ধ মিল পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতিতে চালুর উদ্যোগ গ্রহণ করেছি। ইতোমধ্যে দুটি বন্ধ মিল পিপিপি’র আওতায় পরিচালনার নিমিত্তে চুক্তি স্বাক্ষরপূর্বক প্রাইভেট পার্টনারদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে ৪টি কারখানা পিপিপি এর আওতায় চালু করার ব্যাপারে আলোচনা হচ্ছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

তিনি এ সময় বর্ষব্যাপী ‘মুজিব বর্ষ’ উদযাপনের প্রসংগ টেনে এই সময়ের মধ্যে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি এখানেই থেমে না থেকে বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য, প্রজন্মের পর প্রজন্ম যাতে একটি সুন্দর দেশ পায়, উন্নত জীবন পায়-তা নিশ্চিত করতে সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে দীর্ঘ মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনা এবং শতবর্ষ মেয়াদি ‘ডেল্টা পরিকল্পনা’ বাস্তবায়নের উদ্যোগও তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, আগামীকাল ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ১৭ মার্চ থেকে শুরু হতে যাওয়া ‘মুজিব বর্ষ’ উদযাপনের আনুষ্ঠানিক ক্ষণ গণনা শুরু হবে এবং ২৬ মার্চ ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন পর্যন্ত এই ‘মুজিববর্ষ’ উদযাপিত হবে।

Feb2
Feb2

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 12 July, 2026, 9:47 am
সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্ধক্যজনিত অসুস্থতার কারণে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার বাংলাদেশের একজন প্রখ্যাত আইনজীবী, রাজনীতিবিদ ও সাবেক স্পিকার। তিনি ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠালগ্নের অন্যতম নেতা এবং দীর্ঘদিন দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

মুহাম্মদ জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর তৎকালীন জলপাইগুড়ি জেলার (বর্তমান পঞ্চগড় জেলার) তেতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মৌলভী আলী বক্স এবং মাতা বেগম ফখরুন্নেছা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর এলএলবি সম্পন্ন করেন। পরে ১৯৬০ সালে আইন পেশায় যোগ দেন এবং ১৯৬১ সালে যুক্তরাজ্যে গিয়ে লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইন বিষয়ে সুনামের সঙ্গে আইন পেশা পরিচালনা করেন।

রাজনৈতিক জীবনে তিনি প্রথমে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখেন এবং বিএনপি প্রতিষ্ঠার পর দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হন। তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন সময়ে ভূমি, শিক্ষা, আইন, বিচার ও সংসদ বিষয়কসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন এবং ২৫ জানুয়ারি ২০০৯ পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেন। স্পিকার হিসেবে সংসদ পরিচালনায় তার নিরপেক্ষতা, সংসদীয় রীতি-নীতি অনুসরণ এবং সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। ২০০২ সালের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

আইন ও আন্তর্জাতিক বিষয়েও তার বিশেষ আগ্রহ ছিল। তিনি আন্তর্জাতিক আইন, সমুদ্র আইন, জাতিসংঘ এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে একাধিক গ্রন্থ রচনা করেছেন। পাশাপাশি তিনি নিজ জন্মভূমি পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে শিক্ষাক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ব্যক্তিগত জীবনে তিনি বেগম নুর আখতারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। তার দুই ছেলেই আইন পেশার সঙ্গে যুক্ত এবং ব্যারিস্টার হিসেবে সুপ্রিম কোর্টে আইন চর্চা করছেন।

বাংলাদেশের আইন, সংসদীয় গণতন্ত্র ও রাজনীতিতে ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের অবদান বিশেষভাবে স্মরণীয়। দীর্ঘ রাজনৈতিক ও আইনজীবী জীবনে তিনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বিকাশ এবং সংসদীয় গণতন্ত্রের চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বেলিংহ্যামের জোড়া গোলে সেমিতে ইংল্যান্ড, নিষ্প্রভ হালান্ডের বিদায়

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 12 July, 2026, 9:17 am
বেলিংহ্যামের জোড়া গোলে সেমিতে ইংল্যান্ড, নিষ্প্রভ হালান্ডের বিদায়

ব্রাজিলকে বিদায় করে ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল নরওয়ে। ম্যাচটিতে এক গোল করা আর্লিং হালান্ড আজ (রোববার) কোয়ার্টারে একেবারে নিষ্প্রভ ছিলেন। উল্টো তার অপ্রয়োজনীয় এক ফাউলের কারণে গোল বাতিল হয় নরওয়ের। বিপরীতে জুড বেলিংহ্যামের জোড়া গোলে ২-১ গোলে জিতে ইংল্যান্ড সেমিফাইনালে উঠেছে।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই ইংলিশরা নরওয়েকে চেপে ধরলেও, প্রথমে গোলের খাতা খোলে হালান্ডের দল। তবে তাদের লিড টিকেছে কেবল ১১ মিনিট। বিরতির আগমুহূর্তে ইংলিশরা সমতায় ফেরার পর নির্ধারিত ৯০ মিনিট শেষেও স্কোরলাইন ১-১ অক্ষুণ্ন ছিল। ফলে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ৯৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বেলিংহ্যাম ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন।

ম্যাচের প্রথমার্ধে অবশ্য বল দখলে বেশ পিছিয়েই ছিল নরওয়ে। তবে বিরতির পর তার ধীরে ধীরে পজেশন নিজেদের নিয়ন্ত্রণে নিতে থাকে। শেষ পর্যন্ত ৫২ শতাংশ পজেশন রেখে ১৩টি শট নেয় প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টারে ওঠা স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। বিপরীতে ১৪ শটের ৮টিই লক্ষ্যে ছিল ইংলিশদের।

রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা বেলিংহ্যাম এখন পর্যন্ত টুর্নামেন্টে ছয় গোল নিয়ে জাতীয় দল সতীর্থ হ্যারি কেইনের সঙ্গে যৌথভাবে তিনে অবস্থান করছেন। আসরের সেরা গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে (৮) এবং আর্জেন্টিনার লিওনেল মেসি (৮)। আর সাত গোল করেছেন আর্লিং হালান্ড। এর আগে শেষ ষোলোতে সহ-আয়োজক মেক্সিকোকে হারানোর ম্যাচেও বেলিংহ্যাম জোড়া গোল করেছিলেন।

ম্যাচে নরওয়ের হয়ে ৩৬তম মিনিটে গোল করেন আন্দ্রেয়াস শেলদেরুপ। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা নরওয়ের ‘ভাইকিং রো’ উদযাপন এবং ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার স্ট্রাইকার আর্লিং হালান্ডের দাপুটে পারফরম্যান্সের কারণে পুরো টুর্নামেন্টজুড়ে ব্যাপক আলোচনায় ছিল। ম্যানচেস্টার সিটির এই তারকা চলতি সাত গোল করে গোল্ডেন বুটের দৌড়ে থাকলেও বিশ্বকাপে প্রথমবারের মতো আজ কোনো ম্যাচে গোল করতে পারেননি। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে তাকে তুলে নিয়ে মাঠে নামানো হয় ইয়র্গেন স্ট্রান্ড লারসেনকে।

এর আগে ৫৬তম মিনিটে নরওয়ে প্রায় ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। কর্নার থেকে আসা বলে গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের প্রতিহত করা বল ফিরতি শটে জালে জড়ান টরবিয়র্ন হেগেম। তবে ভিডিও রিভিউ শেষে বক্সের ভেতরে হালান্ডের ফাউলের কারণে গোলটি বাতিল করা হয়। তিনি অপ্রয়োজনেই ধাক্কা মেরে ফেলে দেন ইলিয়ট অ্যান্ডারসনকে। প্রথমার্ধেও পয়েন্ট-ব্ল্যাঙ্ক হেডে হালান্ডকে অনায়াসী সেভে গোলবঞ্চিত করেন পিকফোর্ড।

টুর্নামেন্টে মাত্র দ্বিতীয়বারের মতো শুরুর একাদশে সুযোগ পাওয়া শেলদেরুপের শট ডান দিকের পোস্টে লেগে জালে জড়ায়। ততক্ষণ পর্যন্ত বলের দখলে আধিপত্য বিস্তার করছিল ইংল্যান্ড। বিরতির আগমুহূর্তে ইনজুরি সময়ে কয়েকজনকে কাটিয়ে গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে সমতাসূচক গোল করেছেন বেলিংহ্যাম। বেলিংহামের সমতাসূচক গোলের ঠিক আগে নরওয়ের একটি গোল কিক থেকে আসা বলটি মাঠে পড়ার আগে আকাশে ঝুলন্ত ক্যামেরার তারে স্পর্শ করেছে বলে মনে হয়। নিয়ম অনুযায়ী, বলটি তারে লেগেছে বলে শনাক্ত হলে খেলা থামিয়ে ড্রপ বলের মাধ্যমে পুনরায় খেলা শুরু করে বলের দখল নির্ধারণ করা হতো।

৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে বেলিংহ্যাম দলের এবং ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন। মরগান রজার্সের শট নরওয়ের গোলরক্ষক নিলান্ড সহজেই ধরে ফেলবেন বলেই মনে হচ্ছিল । কিন্তু বলটি বেরিয়ে যায় তার হাত ফসকে। সেখানেই প্রতিপক্ষের সুযোগের অপেক্ষায় থাকা বেলিংহ্যাম ক্ষিপ্রতার সঙ্গে গিয়ে ফিরতি বলে পা ছুঁয়ে জালে পাঠিয়ে দেন। শেষদিকে নরওয়ে মরিয়া হয়ে উঠলেও আর ম্যাচে ফিরতে পারেনি।

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 11 July, 2026, 7:54 pm
১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

চলমান বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

চট্টগ্রাম বোর্ডের জেলাগুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।

শনিবার (১০ জুলাই) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে বন্যায় সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, স্থানীয় এমপি ও দলীয় সকল সংগঠনের নেতাকর্মীদের ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে ত্রাণ বাবদ ২ কোটি টাকা পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়াও উদ্ধার কার্যক্রমে নিয়োজিত রাখা হয়েছে বিজিবি, সেনাবাহিনী, কোস্ট গার্ডসহ সরকারি বিভিন্ন বাহিনীকে। প্রস্তুত করা হয়েছে ১ হাজারের বেশি আশ্রয়কেন্দ্র। আশ্রয়কেন্দ্রে ওষুধ, স্যানিটেশনসহ স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার নানা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান ড. মাহদী আমিন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, সরকার দায়বদ্ধতা ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

এর আগে, শুক্রবার বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।