মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকার অডিও ফাঁস
ফেনীর সমালোচিত দাগনভূঞা থানার সেই ওসিকে প্রত্যাহার
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তান্নি সনি ও ওসির কথোপকথনের ওই অডিও প্রকাশের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম।
ছড়িয়ে পড়া অডিওতে থানায় আটকের পর দুই লাখ টাকা লেনদেন, জামিনের জন্য অর্থ ব্যয় এবং পুনরায় টাকা চাওয়ার অভিযোগ নিয়ে সনিকে ওসির সঙ্গে কথা বলতে শোনা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর সনিকে আটক করে থানায় নেওয়া হয়েছিল। পরে একটি সাধারণ মামলায় মুচলেকা দিয়ে তিনি মুক্তি পান।
অডিওতে সনি দাবি করেন, আটকের পর থানায় দুই লাখ টাকা দেওয়ার পাশাপাশি জামিনের জন্যও তাকে অর্থ খরচ করতে হয়েছে। এ ছাড়া সাবেক স্বামী ও পলাতক যুবলীগ নেতা পারভেজের সঙ্গে পুলিশের যোগাযোগ এবং তার ছেলে তাসরিফকে টাকা দেওয়ার বিষয়টি গোপন রাখতে বলার অভিযোগও তোলেন তিনি।
বুধবার সকালে প্রকাশিত এক ভিডিও বার্তায় সনি আরও অভিযোগ করেন, ৫৪ ধারায় মামলার ভয় দেখিয়ে তার কাছ থেকে দুই লাখ টাকা নেওয়া হয়েছে। আদালতে চালানের আগে ওসি তাকে আলিঙ্গনের প্রস্তাব দিয়েছিলেন এবং একা অটোরিকশায় করে ওসির বাংলোয় যেতে বলেছিলেন বলেও দাবি করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান। অডিও সম্পর্কে তিনি বলেন, ‘এটা ভুয়া। কী দিয়ে বানিয়েছে, কে জানে। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ অসত্য।’
ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করলেও অভিযোগের তদন্ত ও পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানাননি অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।



আপনার মতামত লিখুন