খুঁজুন
শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ লাল কার্ডের ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
৩ লাল কার্ডের ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো। এই প্রথম উদ্বোধনী ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করল তারা। ৯ মিনিটে হুলিয়ান কিনিয়োনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমিনেজ। শুরুর ম্যাচেই ৩টি লাল কার্ডের ব্যবহার করেছেন রেফারি। দুই দলের ফুটবলারই লাল কার্ড দেখেছেন।

শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিল মেক্সিকো। তাতে প্রথমার্ধেই বেশ কিছু সুযোগ তৈরি হয়। তৃতীয় মিনিটে প্রথম গোলের সুযোগ হাতছাড়া করেন রাউল হিমিনেজ। তার বা পায়ের জোড়ালো শট ঠেকিয়ে দেন আফ্রিকান গোলকিপার রোনেন উইলিয়ামস।

তবে গোল পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি মেক্সিকোকে। মিনিট ছয়েক পরই লিড এনে দেন হুলিয়ান কিনিয়োনেস। ১৯তম মিনিটে তার সামনে সুযোগ এসেছিল ব্যবধান দ্বিগুণ করার। তবে এবার অন টার্গেটে রাখতে পারেননি। বারের সামান্য উপর দিয়ে বল চলে যায়।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারো জোড়ালো আক্রমণ করে মেক্সিকো। এবার সুযোগ নষ্ট করেন ব্রায়ান গুটিয়েরেজ। তাতে ব্যবধান আর বাড়েনি। ১-০ গোলের লিড নিয়েই মধ্যাহ্ন বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দেখা যায় লাল কার্ড। আসরের প্রথম লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ম্যাচের ৫০ মিনিটে পেনাল্টি বক্সের মাথায় ফাউল করেন তিনি।

৬৬তম মিনিটে মাঠে নামেন গিলবার্তো মোরা। তিনি বিশ্বকাপ ইতিহাসে মেক্সিকোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন। তরুণ এই খেলোয়াড় ভাগ্য সঙ্গে করে মাঠে নিয়ে আসেন! ৬৭তম মিনিটেই আবার গোল পায় তার দল। এবার রাউল হিমিনেজ গোল করলে ব্যবধান দ্বিগুণ হয় মেক্সিকোর।

৮৪ মিনিটে আরেকটি লাল কার্ড দেখে দক্ষিণ আফ্রিকা। এবার আক্রমণ করতে গিয়ে মেক্সিকোর খেলোয়াড়কে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন মিডফিল্ডার থেম্বা জেওয়ানে। এরপর যোগ করা সময়ে লাল কার্ড দেখেছেন মেক্সিকোর সেজার মন্তেস।

Feb2

যেসব পণ্য ও সেবার দাম কমতে পারে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
যেসব পণ্য ও সেবার দাম কমতে পারে

শুল্ক ও করে ছাড় দেওয়ায় বেশ কিছু পণ্য ও সেবার দাম কমতে পারে ২০২৬-২৭ অর্থবছরে।

কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ অগ্রিম কর পুরোপুরি মওকুফ করার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। এছাড়া কিডনি রোগীদের চিকিৎসায় ব্যবহার হওয়া ‘ব্লাড টিউবিং সেট ফর হেমোডায়ালাইসিসের’ আমদানি পর্যায়ে সাড়ে ৭ শতাংশ আগাম কর পুরোপুরি অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। ফলে কিডনি ডায়ালাইসিসের খরচ কমবে।

আমদানি করা হার্টের রিং বা স্টেন্ট এবং চোখের ইন্ট্রাওকুলার লেন্সের সরবরাহের ক্ষেত্রে যোগানদার পর্যায়ের ১০ শতাংশ ভ্যাটের পুরোটা অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। ফলে প্রতিটি হার্টের রিং বা স্টেন্টের মূল্য প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত কমতে পারে। চোখের প্রতিটি ইন্ট্রাওকুলার লেন্সের দাম করতে পারে ৫ হাজার টাকা পর্যন্ত।

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য আমদানি করা ১৫টি পণ্যের অগ্রিম আয়করের হার ২ শতাংশ থেকে ১ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে উৎসে করের হার ৫ শতাংশ থেকে কমে শূন্য দশমিক ৫ শতাংশ হতে পারে। তবে জুয়েলারি সেবার বিপরীতে ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে প্রতি ভরি হিসেবে ২,৫০০ টাকা সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

ইলেক্ট্রিক বাস ও ট্রাক আমদানি এবং ইলেক্ট্রিক চার্জিং স্টেশন ক্ষেত্রে উৎসে কর হার ৫ শতাংশ পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাবও করেছেন অর্থমন্ত্রী।

কম্পিউটারের প্রিন্টার, পোর্টেবল অটোমেটিক ডাটা প্রসেসিং মেশিন, ফ্ল্যাশ মেমোরি এবং কম্পিউটার মনিটর আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ অগ্রিম কর কমিয়ে ২ শতাংশে নামানোর প্রস্তাব রয়েছে নতুন অর্থবছরের ক্ষেত্রে।

স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের ২২টি কাঁচামাল আমদানিতে অগ্রিম করের হার নামতে পারে ১ শতাংশে।

বিদ্যুৎ উৎপাদনকারীর কাছে থেকে বিদ্যুৎ কেনার ওপর উৎসে কর কর্তনের হার ৪ শতাংশ থেকে ৩ শতাংশে নামানোর কথা বলা হয়েছে প্রস্তাবিত বাজেটে।

মোবাইলের ৩০০ টাকা সিমট্যাক্স প্রত্যাহার করা হয়েছে, তবে দিতে হবে দামের ওপর ১৫ শতাংশ ভ্যাট।

ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, সার্ভার, কম্পিউটার প্রিন্টার ও কম্পিউটার মনিটর আমদানির ক্ষেত্রে সমুদয় আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

এসএসডি আমদানির ক্ষেত্রে ৫ শতাংশ আমদানি শুল্ক ব্যতীত সমুদয় রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করার প্রস্তাব রয়েছে বাজেটে।

পয়েন্ট অব সেলস বা পজ মেশিন আমদানির ক্ষেত্রে বিদ্যমান ১০ শতাংশ আমদানি শুল্ক ৫ শতাংশ এবং সাড়ে ৭ শতাংশ আগাম কর শূন্যে নামিয়ে আনার প্রস্তাব এসেছে।

সিনথেটিক ওভেন ফেব্রিক্স আমদানিতে বিদ্যমান ১০ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের কথাও রয়েছে প্রস্তাবিত বাজেটে।

রি-ফ্র্যাক্টরি সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল বল ক্লেসহ ৫টি কাঁচামালের আমদানি শুল্ক ৫ শতাংশে কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

ডিটারজেন্ট উৎপাদনকারী শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল লিনিয়ার অ্যালকাইল বেনজিন আমদানির ক্ষেত্রে মাত্র ১ শতাংশ আমদানি শুল্ক রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

দেশীয় ফ্লোট গ্লাস উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ৫টি কাঁচামাল আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে রেয়াতি সুবিধাসংক্রান্ত প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

টায়ার-টিউব উৎপাদনকারী শিল্পের ২টি কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়ার প্রস্তাবও আছে।

স্থানীয় স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস উৎপাদন শিল্পের ২টি কাঁচামাল আমদানিতে বিদ্যমান ৩০ শতাংশ সম্পূরক শুল্ক কমিয়ে ১০ শতাংশ হতে পারে।

স্থানীয় কফি প্রক্রিয়াজাতকরণ শিল্পের কাঁচামাল হিসেবে কফি এক্সট্র্যাক্ট, এসেন্স ও প্রিপারেশন বাল্কে আমদানির ক্ষেত্রে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

সৌর বিদ্যুৎখাতের উপকরণসমূহ আমদানিতে প্রযোজ্য আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক এবং আগাম কর শূন্য শতাংশ করে একটি নতুন প্রজ্ঞাপন জারি করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

যেসব পণ্য ও সেবার দাম বাড়তে পারে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ
যেসব পণ্য ও সেবার দাম বাড়তে পারে

নতুন অর্থবছরের বাজেটে বাইসাইকেল, তেলচালিত গাড়ি, সিগারেট, ট্রান্সফরমার, ওয়াশিং মেশিন ও বিদেশি খাদ্যসহ বেশকিছু পণ্য ও সেবায় শুল্কহার বাড়ানোর প্রস্তাব করায় সেসবের দাম বাড়তে পারে।

বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট অনুযায়ী যেসব পণ্যের দাম বাড়তে পারে, তার মধ্যে রয়েছে-

বাইসাইকেল

স্থানীয়ভাবে উৎপাদিত বাইসাইকেলের যন্ত্রাংশ ‘ফ্রি হুইল’ আমদানির ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশে উন্নীত করা এবং একইসঙ্গে নতুন করে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। ফলে দাম বাড়বে বাইসাইকেলের।

সিগারেট

বাজেটে নিকোটিন গ্র্যানুলস ও নিকোটিন পাউচের ওপর ৩০০ শতাংশের পরিবর্তে ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে দাম বাড়বে সিগারেটের।

অর্থমন্ত্রী সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য নিম্নস্তরের ক্ষেত্রে প্রতি ১০ শলাকা ৬২ টাকা, মধ্যম স্তর ৯২ টাকা, উচ্চ স্তর ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তর ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন।

তেলচালিত গাড়ি

ডিজেল, অকটেন বা পেট্রলচালিত গাড়ি ব্যবহারের প্রবণতা কমিয়ে আনতে মধ্যম সারির ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ সিসির (ইঞ্জিনক্ষমতা) ইন্টারনাল কম্বাশন (আইসি) ইঞ্জিনবিশিষ্ট আমদানি করা গাড়ির ওপর করভার ১৩২ দশমিক ৩৬ শতাংশ থেকে বাড়িয়ে প্রায় ১৫৬ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ফলে এসব গাড়ির দাম বাড়বে।

ট্রান্সফরমার

১ কেভিএ পর্যন্ত ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে করে ২৫ শতাংশে উন্নীত করা এবং একইসঙ্গে নতুন করে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব করা হয়েছে। ফলে ট্রান্সফরমারেরও দাম বাড়বে।

ওয়াশিং মেশিন

স্থানীয় ওয়াশিং মেশিন উৎপাদনকারী শিল্পের সক্ষমতা বাড়াতে সকল প্রকার হাউজহোল্ড টাইপ ওয়াশিং মেশিন আমদানিতে নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব করা হয়েছে।

রড

রড তৈরির বিভিন্ন উপকরণের ওপর ভ্যাট বাড়ানোর ফলে এর দাম বাড়তে পারে।

বিদেশি খাদ্য

সুগার কনফেকশনারি, কফি, তৈরি খাবার ইত্যাদি আমদানিতে বিভিন্ন হারে শুল্কায়ন মূল্য বাড়ানো হয়েছে। এতে এসব খাদ্য আমদানিতে শুল্ককরের চাপ বাড়বে।

বিদেশি কাজুবাদাম

দেশিয় চাষ ও উৎপাদনকে উৎসাহিত করতে অপ্রক্রিয়াজাত ও প্রক্রিয়াজাত কাজুবাদামের আমদানি শুল্ক যথাক্রমে ১ শতাংশ ও ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। তবে দেশে উৎপাদকদের জন্য অপ্রক্রিয়াজাত কাজুবাদাম আমদানি শুল্ক ১৫ শতাংশ করা হয়েছে। ফলে বিদেশি কাজুবাদামের দাম বাড়তে পারে।

বিদেশি পাঙাশের ফিলেট

দেশিয় মৎস্য প্রক্রিয়াকরণ শিল্পকে সুরক্ষা দিতে আমদানি করা পাঙাশ মাছের ফিলেটের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ হয়েছে। ফলে এর দাম পাড়তে পারে।

বিদেশি মধু

বিদেশ থেকে প্রাকৃতিক মধু আমদানির ক্ষেত্রে ন্যূনতম শুল্কায়ন মূল্য ইউনিট প্রতি ২ ডলার বাড়িয়ে ৭ ডলার করা হয়েছে। এতে এই মধু আমদানিতে শুল্ককর বেশি দিতে হবে, যা দাম বাড়িয়ে দিতে পারে।

বিদেশি সুপারি

বিদেশ থেকে সুপারি আমদানির ক্ষেত্রে ন্যূনতম শুল্কায়ন মূল্য ইউনিট প্রতি দশমিক ২৫ ডলার বাড়ানো হয়েছে। এতে বিদেশি সুপারি আমদানিতে শুল্ককর বেশি দিতে হবে।

বিদেশি লিপ লাইনার ও জেল

লিপ লাইনার, লিপ জেল ও সমজাতীয় পণ্য আমদানির শুল্কায়ন মূল্য বাড়ানো হয়েছে।

বিদেশি গ্যাস সিলিন্ডার

কম্পোজিট এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার আমদানিতে আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) আরোপ করা হয়েছে। এতে করে বিদেশি গ্যাস সিলিন্ডারের দাম বাড়তে পারে।

অন্যান্য

শুল্ককর ও শুল্কায়ন মূল্য বাড়ানোর কারণে বিদেশি টাইলস, স্যানিটারিওয়্যার ও বেসিন, মোটর, জিপসাম বোর্ড, বিদেশি ফোম, বিদেশি মাইক্রোওয়েভ ওভেন, খেলনা ইত্যাদির দাম বাড়তে পারে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

৪০ বছরের অপেক্ষা, অবশেষে মিরপুরে হলো তার অবসান। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে সিরিজ হারাল টাইগাররা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে মিরাজের দল। বোলারদের দৃঢ়তা আর ব্যাটারদের ধৈর্য পরীক্ষায় এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয়েছে বাংলাদেশের এই ঐতিহাসিক অর্জন।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। বৃষ্টি নামার আগে ৪২ ওভারে ১৮৭ রান তুলে সফরকারীরা। এরপর ওভার কমে বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৯২ রান। তবে ব্যাটারদের দলগত পারফরম্যান্সে সেই লক্ষ্য টপকে ৫ উইকেটে ম্যাচ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ।

এদিকে শুরুতে ব্যাট করতে নেমে কোনো রান না করেই লজ্জার রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই তিন উইকেট হারায় সফরকারীরা। ওয়ানডে ইতিহাসে ১০২৪ ম্যাচ খেলে এবারই প্রথম শূন্য রানে তিন উইকেট হারানোর নজির গড়ে জশ ইংলিসের দল।

ইনিংসের শুরুতে চাপ তৈরি করেন তাসকিন আহমেদ। টানা দুই ম্যাচে ম্যাথু শর্টকে আউট করেন তিনি। এরপর দ্বিতীয় ওভারে কুপার কনোলিকে লিটনের হাতে ক্যাচ বানিয়ে ফেরান মোস্তাফিজুর রহমান। একই ওভারে ম্যাট রেনশও আউট হন। পরে অ্যালেক্স ক্যারি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া।

১৮তম ওভারে জশ ইংলিসকে আউট করেন তানভীর ইসলাম। ৮১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। সেই অবস্থায় সপ্তম উইকেটে ১০৩ রানের জুটি গড়ে দলকে সামলান জেভিয়ার বার্টলেট ও মার্নাস লাবুশেন। তবে ৪১তম ওভারে আবারও ধাক্কা খায় অস্ট্রেলিয়া। তাসকিনের জোড়া আঘাতের পর ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান করে অস্ট্রেলিয়া।

এরপর বৃষ্টির কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। পরে ডাকওয়ার্থ–লুইস–স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ম্যাচ ৪১ ওভারে নামিয়ে আনা হয়। এতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯২ রান। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান তিনটি করে উইকেট নেন, তানভীর ইসলাম নেন দুই উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। গুড লেন্থে পড়া বলে স্ট্রেইট ড্রাইভ খেলতে গিয়ে বোলারের হাতে ফিরতি ক্যাচ দেন তানজিদ তামিম। এরপর শান্তকে নিয়ে দলের হাল ধরেন ওপেনার সৌম্য সরকার। দুই ব্যাটার মিলে গড়েন ৮৬ রানের জুটি। তবে রির্ভাস সুইপ খেলতে গিয়ে ৪২ রানে কাটা পড়েন সৌম্য।

৮৬ রানে দুই উইকেট হারানো বাংলাদেশের বিপদ বাড়ান শান্ত। ৯৮ রানের মাথায় ৪২ করে প্যাভিলিয়নে ফিরেন টাইগারদের সহ-অধিনায়ক। আউট হওয়ার আগে অবশ্য নতুন মাইলফলক ছুঁয়েছেন তিনি। দেশের ১১তম ব্যাটার হিসেবে ওয়ানডেতে দুই হাজার রান করেন শান্ত, যা বাংলাদেশের হয়ে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম।

মিরপুরে লিটনের ওয়ানডে পরিসংখ্যান ভালো নয়। প্রায় এক যুগের ক্যারিয়ারে করতে পারেননি কোনো ফিফটি। আজকের ম্যাচেও হলো একই দশা। দারুণ খেলতে থাকা লিটন আটকে গেলেন মিরপুরের ধাঁধায়। ক্যামরুন গ্রিনের আচমকা বাউন্সার লিটনের গ্লাভস ছুঁয়ে উইকেটরক্ষক ইংলিসের হাতে জমা হয়। তাতে ২১ রান করে বিদায় নেন এই ব্যাটার।

ছয়ে নামা মোসাদ্দেকের শুরুটা ছিল আত্মবিশ্বাসী। ডাউন দ্য ট্র্যাকেই এসে খেলেছেন প্রথম বল। অ্যাডাম জাম্পার ওপর বেশি চড়াও হয়েছিলেন এই ব্যাটার, হাঁকিয়েছেন তিন বাউন্ডারি। কিন্তু জাম্পার বলেই উচ্চবিলাসী শট খেলতে গিয়ে বিদায় নেন মোসাদ্দেক। ১৪৪ রানে ৫ উইকেট হারিয়ে আচমকা ব্যাকফুটে পড়ে যায় বাংলাদেশ।

তবে ভয়কে জয় করেছেন মিরাজ-হৃদয়। ভালো বলকে সমীহ করেছেন, খারাপ বল থেকে করেছেন বাউন্ডারি আদায়। শেষ পর্যন্ত হৃদয় ৪০ ও মিরাজ ২২ রানে অপরাজিত থেকেই ম্যাচ শেষ করেন। তাতে ৩৬ বল ও ৫ উইকেট হাতে রেখেই অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজ হারায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট শিকার করেন ক্যামরুন গ্রিন, ম্যাট রেনশো, অ্যাডাম জাম্পা, জেভিয়ার বার্টলেট ও রাইলি মেরেডিথ।