স্পেনের কাছে হেরে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিদায়
গ্রুপপর্বে অপেক্ষাকৃত দুর্বল সৌদি আরব ও কেপ ভার্দের সঙ্গে ড্র করায় আগেই সমীকরণটা কঠিন করে ফেলেছিল উরুগুয়ে। দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের নকআউটে খেলার আশা বাঁচিয়ে রাখতে শেষ ম্যাচে আরেক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে হারাতেই হতো। কিন্তু ১-০ ব্যবধানে হেরে গ্রুপপর্বে মাত্র ২ পয়েন্ট পাওয়া উরুগুয়ের বিদায় নিশ্চিত হয়েছে।
মেক্সিকোর গুয়াদালাহারায় আজ (শনিবার) স্পেনের বিপক্ষে ম্যাচের ৪২ মিনিটে গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভুলে গোল হজম করে উরুগুয়ে। প্রথমার্ধ শেষেই তাকে মাঠ থেকে তুলে নেন কোচ মার্সেলো বিয়েলসা। দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে তিনটি গ্রুপ ম্যাচ খেলেও কোনো জয় পায়নি। অন্যদিকে, স্পেন ৭ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে থেকে গ্রুপপর্ব শেষ করল।
ফিফা র্যাঙ্কিংয়ের ১৯তম স্থানে থাকা উরুগুয়ে এখন পর্যন্ত বিদায় নেওয়া সবচেয়ে উচ্চ র্যাঙ্কিংয়ের দল। ৪২তম মিনিটে এই ম্যাচের একমাত্র গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার অ্যালেক্স বায়েনা। বক্সের ভেতর থেকে নেওয়া তার শট পুরোপুরি ঠেকাতে পারেননি ৪০ বছর বয়সী মুসলেরা। চলতি বিশ্বকাপে এটি মুসলেরার তৃতীয় বড় ভুল।
শেষ বাঁশি বাজার পরপর মাঠে বসে কান্নায় ভেঙে পড়েন উরুগুয়ের কয়েকজন খেলোয়াড়। তারা মাঠ ছাড়ার সময় অনেক সমর্থক তাদের উদ্দেশে দুয়োধ্বনি দেন। স্পেন-উরুগুয়ের এই ম্যাচ গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসেবে বিবেচিত হলেও দুই দলের কেউই খুব বেশি পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি।
এ ছাড়া ম্যাচের শেষ দিকে ফেদেরিকো ভিনাস বক্সের ভেতরে পড়ে গেলে পেনাল্টির দাবিতে জোরালো আবেদন করেন উরুগুয়ের খেলোয়াড়রা। উভয়পক্ষের মাঝে শেষ মুহূর্তে উত্তেজনাও ছড়ায়। অতিরিক্ত সময়ে স্পেনের ডিফেন্ডার পল কুবার্সিকে ট্যাকলের কারণে উরুগুয়ের আগুস্তিন কানোবিও লাল কার্ড দেখেন। রেফারির সিদ্ধান্ত মানতে না চাওয়া স্ট্রাইকারকে মাঠের বাইরে নিয়ে যান সতীর্থরা। শেষ বাঁশির পর তিনি আবার ফিরে এসে রেফারির সঙ্গে কথা বলার চেষ্টা করেন।


আপনার মতামত লিখুন