হরমুজ প্রণালিতে ফের জাহাজে হামলা, বিস্ফোরিত দুই তেলবাহী ট্যাংকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:৪১ সকাল
হরমুজ প্রণালিতে ফের জাহাজে হামলা, বিস্ফোরিত দুই তেলবাহী ট্যাংকার

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নতুন করে জাহাজে হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (১ নভেম্বর) একটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হানার পাশাপাশি নৌপথে পুঁতে রাখা মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরিত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।

যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেন বিপৎসংকেত বা মেডে পাঠান। তিনি জানান, কাছাকাছি থাকা অন্য একটি জাহাজ অজ্ঞাতপরিচয় বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, আইআরজিসির নৌবাহিনীর দাবি, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় দুটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের নিচে পুঁতে রাখা মাইনে আঘাত হানে। এতে জাহাজ দুটিতে বিস্ফোরণ ঘটে।

এর আগে শুক্রবার কাতারের একটি এলএনজিবাহী জাহাজেও হামলার খবর প্রকাশিত হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাতার নিউজ এজেন্সি জানায়, উপসাগরীয় জলসীমা দিয়ে চলাচলের সময় অজ্ঞাতপরিচয় বস্তু দিয়ে জাহাজটিতে আঘাত করা হয়।

‘আল-মায়েদা’ নামের ওই জাহাজটি কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির মালিকানাধীন। এটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহণে ব্যবহৃত হয়।

কাতার নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় জাহাজটিতে থাকা কোনো নাবিক আহত হননি। পাশাপাশি পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি। কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানি জানিয়েছে, জাহাজটি বর্তমানে নিরাপদে রয়েছে এবং স্বাভাবিকভাবে চলাচলের উপযোগী।

 

জেআই/

Feb2
Feb2