অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এদিকে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাক কারখানার মালিকদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। শ্রমিকদের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে সহানুভূতির সঙ্গে ন্যূনতম মজুরি নির্ধারণ করতে বলেছেন তিনি। এ বিষয়ে মালিক ও শ্রমিক উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে শ্রমিক আন্দোলনের পেছনে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের কিছু পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করার এমন চেষ্টা বরদাশত করা হবে না। শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের কঠোর হাতে দমন করা হবে।
ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, এ জন্য ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সোমবার বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হতে পারে। তা না হলে সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যেই সভা হবে। সেখানে আলোচনা করে যত দ্রুত সম্ভব নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ ও ঘোষণার উদ্যোগ নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সময়সীমা অনুযায়ী ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। আশা করা হচ্ছে, মজুরি বোর্ড সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে ন্যূনতম মজুরি চূড়ান্ত করতে পারবে।
জেআই/



আপনার মতামত লিখুন