খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন কুঁড়ি স্পোর্টস

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:১৭ সকাল
খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন কুঁড়ি স্পোর্টস

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। সফরে মোংলায় দুটি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্বোধন এবং বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে নির্ধারিত দুটি কর্মসূচি শেষ করে সড়কপথে খুলনায় যাবেন। খুলনায় তাঁর একটি কর্মসূচি রয়েছে।

খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয় এ আয়োজন করেছে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে খুলনায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নগরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সাজানো হয়েছে স্টেডিয়াম ও আশপাশের সড়ক। নতুন কুঁড়ি স্পোর্টসের ব্যানার-ফেস্টুনে সজ্জিত করা হয়েছে বিভিন্ন এলাকা।

শিববাড়ী মোড় থেকে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত দেয়ালে আঁকা হয়েছে নানা গ্রাফিতি। এতে ফুটে উঠেছে খুলনার ইতিহাস-ঐতিহ্য, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগারের চিত্র।

তবে এবারের সফরকে ঘিরে নগরীতে চোখে পড়ছে ভিন্ন চিত্র। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন স্থানে লাগানো তোরণ ও বিলবোর্ড খুলে ফেলা হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে নেতাকর্মীদের লাগানো ফেস্টুনও। ফলে সরকারপ্রধানের আগমন উপলক্ষে এবার যত্রতত্র তোরণ-ব্যানার-ফেস্টুনের প্রচলিত দৃশ্য দেখা যাচ্ছে না।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে খুলনা মহানগরীতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মহানগরীকে পরিচ্ছন্ন, নান্দনিক ও দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে। প্রধানমন্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানাতে তাঁরা অপেক্ষায় রয়েছেন।

Feb2
Feb2