ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৬৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ভর্তি হয়েছেন ৭১৪ জন। একই সময়ে মারা গেছেন দুজন। দ্বিতীয় সর্বোচ্চ ৩১১ জন রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। বরিশাল বিভাগে ২১৩ জন ভর্তি হওয়ার পাশাপাশি একজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৪৭ হাজার ৫৮০ জন। এ সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪৫৮ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪১ হাজার ২৯৬ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ৮২৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২ হাজার ৫৮৫ জন রোগী ভর্তি আছেন। এ ছাড়া খুলনা বিভাগে ৯৭৩ জন, বরিশাল বিভাগে ৬৯১ জন, রাজশাহী বিভাগে ৬৫২ জন, চট্টগ্রাম বিভাগে ৪০২ জন, ময়মনসিংহ বিভাগে ২৩৭ জন, রংপুর বিভাগে ২২৬ জন এবং সিলেট বিভাগে ৬০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।



আপনার মতামত লিখুন