কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার
কুষ্টিয়া শহরে বাসার সামনে দিনদুপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে গেলেও শেষ পর্যন্ত পুলিশের অভিযানে ধরা পড়ে সে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় তার নানাবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
পুলিশ জানায়, ঘটনার পর ইমন তার মা ও পরিবারের সদস্যদের নিয়ে পূর্ব মজমপুর এলাকার বাসা ছেড়ে পালিয়ে যায়। বাসাটির বাইরে তালা ঝুলিয়ে আত্মগোপনে থাকায় সেখানে অভিযান চালিয়েও প্রথমে কাউকে পাওয়া যায়নি। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ইমন পাটিকাবাড়িতে তার নানাবাড়িতে অবস্থান করছে।
ওসি জাকির হোসেনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুনরায় অভিযান চালিয়ে রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে এবং বড় ভাই নেদারল্যান্ডসে থাকেন। ইমন স্থানীয় একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
এর আগে সোমবার বেলা ১টা ১১ মিনিটে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় নিজ বাসার সামনে হামলার শিকার হয় দশম শ্রেণির ওই ছাত্রী। বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফিরে ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় পেছন থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এক কিশোর। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারী।
এতে শিক্ষার্থীর শরীরের অন্তত ছয়টি স্থানে গভীর ক্ষত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে।
পুলিশ সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে হামলাকারী হিসেবে ইমনকে শনাক্ত করে। ঘটনার পর থেকেই তাকে গ্রেপ্তারে একাধিক পুলিশ টিম অভিযান চালিয়ে আসছিল।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ছাত্রীটি শারীরিক ও মানসিকভাবে আরও সুস্থ হলে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে তার সঙ্গে কথা বলা হবে। এরপর ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনের চেষ্টা করা হবে।



আপনার মতামত লিখুন