রামগড়ে স্কুলে ক্লাস চলাকালে বজ্রপাত, শিক্ষার্থীসহ আহত ১৮

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:৩৫ রাত
রামগড়ে স্কুলে ক্লাস চলাকালে বজ্রপাত, শিক্ষার্থীসহ আহত ১৮

খাগড়াছড়ির রামগড় উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে বজ্রপাতের ঘটনায় ১৭ শিক্ষার্থী ও এক শিক্ষিকা আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের কারও অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসক।

আহত শিক্ষার্থীদের মধ্যে তৃতীয় শ্রেণির নুসরাত, সিয়াম, আরজু, নাঈম ও রিমি এবং চতুর্থ শ্রেণির সালমা, ফারহানা, সুমাইয়া, ফাহিমা, ফারজানা, নাদিয়া, উক্রাসিং, সুরাইয়া, সালমা, সানজিদা, আব্দুর রহিম ও ফারহানা রয়েছে। আহত শিক্ষিকার নাম শাহনা আফরোজ লায়লা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা আকতার জানান, বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। বিদ্যালয়ের আঙিনায় থাকা একটি গাছের ওপর বজ্রপাতটি আঘাত হানলে আগুনের ফুলকি চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় বিদ্যালয়ের টিনশেড ভবনের পাশাপাশি দুটি কক্ষে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পাঠদান চলছিল। বজ্রপাতের বিকট শব্দ ও আগুনের ফুলকির তাপে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। এতে দুই শ্রেণির ১৭ শিক্ষার্থী আহত হয়। এ সময় চতুর্থ শ্রেণিতে পাঠদানরত শিক্ষিকা শাহনা আফরোজ লায়লাও অসুস্থ হয়ে পড়েন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই আহত শিক্ষার্থীদের ও শিক্ষিকাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. অন্তু বড়ুয়া জানান, আহত শিক্ষার্থীদের কারও অবস্থা গুরুতর নয়। বজ্রপাতের বিকট শব্দে তারা অসুস্থ হয়ে পড়েছিল। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে বিদ্যালয়ে বজ্রপাতের ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষিকা আহত হওয়ার খবর পেয়ে উপজেলা ও পৌর বিএনপির নেতারা হাসপাতালে ছুটে যান। আহতদের খোঁজখবর নেন তাঁরা। পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন বলেন, আহতদের চিকিৎসার জন্য সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।

Feb2
Feb2