আনোয়ারায় টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সড়ক অবরোধ
চট্টগ্রামের আনোয়ারায় ভোরে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতা-কর্মী। এ সময় সাবেক ভূমিমন্ত্রী ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার শোলকাটা এলাকার লাবিবা কনভেনশন হলের সামনে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই এলাকায় জড়ো হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতা রবিউল হায়দার। এ সময় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠায় আনোয়ারা থানা-পুলিশ। তবে পুলিশ পৌঁছানোর আগেই অবরোধকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই অবরোধকারীরা চলে যান। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
২৪ঘণ্টা/ফখরুদ্দীন /জেআই/



আপনার মতামত লিখুন