গাজীপুর উড়াল সেতুতে দুর্ঘটনা, একই পরিবারের নারী-শিশুসহ নিহত ৩
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দুপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তাঁদের মৃত্যু হয়। পুলিশের ধারণা, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটতে পারে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর মোরশেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বুধবার দুপুর আড়াইটার দিকে সফিপুর উড়াল সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ। সেখানে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে থাকা এক শিশু ও স্বামী-স্ত্রীর মরদেহ দেখতে পান পুলিশ সদস্যরা।
ওসি মো. মঞ্জুর মোরশেদ জানান, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের প্রাথমিক তদন্তে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। এ ছাড়া উড়াল সেতুটিতে সিসিটিভি ক্যামেরাও নেই। ফলে দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটি কীসের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে, তা জানতে পুলিশ তদন্ত করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তাঁদের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে তাঁরা একই পরিবারের সদস্য বলে ধারণা করছে পুলিশ।



আপনার মতামত লিখুন