মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনে উত্তাল গাজীপুর

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:৩৪ সকাল
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনে উত্তাল গাজীপুর

সর্বনিম্ন মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন তারা। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে।

শ্রমিক অসন্তোষের জেরে নতুন করে পাঁচটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে আরও ৩০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছিল। সব মিলিয়ে বন্ধ কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ৩১টিতে।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ছয়দানা ও ভোগড়া বাইপাস এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। অন্যদিকে, নাওজোর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের সরিয়ে দিতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। তবে এরপরও শ্রমিকেরা সড়ক ছাড়েননি।

শিল্পাঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে শিল্প পুলিশ, জেলা পুলিশ, গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি), আনসার ও বিজিবির ১৩ প্লাটুন সদস্য মাঠে রয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।

Feb2
Feb2