দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে সিয়াম নামে এক হেলপারের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ‘বাহক’ বাসের ভেতর থেকে হেলপার সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে একই রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে থাকা চারটি দোকানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।



আপনার মতামত লিখুন