মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর
রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত কার্যালয়ে এ হামলা চালানো হয়। এতে দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকাল ৮টার পর লাঠিসোঁটা, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল ভবনটিতে হামলা চালায়। এ সময় ভবনের সামনের কাচের দেয়াল ও লিফটের চারপাশের ঘেরাও অংশ ভাঙচুর করা হয়। হামলাকারীরা ভেতরে প্রবেশের চেষ্টা করলেও কাচের দরজা বন্ধ থাকায় ঢুকতে পারেননি বলে দাবি করেছেন কর্মকর্তারা।
কার্যালয়ের দফতর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, সম্ভাব্য হামলার বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত এক সপ্তাহ ধরে তারা সতর্ক ছিলেন। সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ২০ থেকে ২৫ জন পুরুষ ও শতাধিক নারী ইট-পাটকেল এবং দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা লোকজনের ওপর হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা সরে যেতে বাধ্য হন।
তিনি অভিযোগ করেন, পুলিশকে খবর দেওয়া হলেও ভাঙচুরের অধিকাংশ ঘটনা ঘটে যাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছায়।
মামুন পাটোয়ারীর দাবি, শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। ভবনের অন্যান্য স্থাপনার তুলনায় তাঁর কার্যালয়ে বেশি ভাঙচুর করা হয়েছে। এমনকি ভবনে থাকা মিল্টনের ছবিও ভেঙে ফেলা হয়েছে।
সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে পরিচালিত উচ্ছেদ অভিযানের জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন মামুন পাটোয়ারী।
ঘটনার পর ভবনটির প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। সেখানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।



আপনার মতামত লিখুন