শ্রমিক আন্দোলন

তিন শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ২:১৫ দুপুর
তিন শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সৃষ্ট অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করেছে সরকার। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

বিজিবি জানায়, মোতায়েন করা ২৪ প্লাটুনের মধ্যে সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইলে পাঁচ প্লাটুন, গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ১৩ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ছয় প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ এলাকায় মোতায়েন রয়েছেন বিজিবি সদস্যরা।

বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিয়মিত টহল দিচ্ছেন। শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল বজায় রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ কার্যক্রম চালানো হচ্ছে।

Feb2
Feb2