চাঁদপুরে ফ্ল্যাটে বৃদ্ধাকে গলাকেটে হত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:৩৯ দুপুর
চাঁদপুরে ফ্ল্যাটে বৃদ্ধাকে গলাকেটে হত্যা

চাঁদপুর শহরের ব্যস্ততম জোড় পুকুর পাড় এলাকায় বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে লুৎফুর নাহার (৬৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে সাবেক লাভলী স্টোরের পেছনে অবস্থিত নাজিরা কমপ্লেক্সের সাততলার একটি ফ্ল্যাট থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে তাঁকে হত্যা করেছে, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

নিহত লুৎফুর নাহারের স্বামী প্রয়াত জয়নাল আবেদীন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের ঢালীর ঘাট এলাকায়। স্বজনদের তথ্য অনুযায়ী, মাত্র ১৮ দিন আগে তিনি নাজিরা কমপ্লেক্সের ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

নিহতের চতুর্থ মেয়ে নাহিদা খান জানান, তাঁরা গ্রামের বাড়িতে থাকলেও মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। বুধবার সন্ধ্যার পর একাধিকবার ফোন করেও মায়ের সাড়া না পেয়ে সন্দেহ হয় তাঁর। পরে ভবনের দারোয়ানকে ফোন করে ফ্ল্যাটে গিয়ে খোঁজ নিতে বলেন।

নাহিদা বলেন, দারোয়ান তাঁকে ফোনে লাইনে রেখেই ফ্ল্যাটের সামনে গিয়ে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজার লক ঘুরিয়ে দেখেন, সেটি খোলা রয়েছে। পরে ভেতরে প্রবেশ করে তাঁর মায়ের হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ দেখতে পান। এরপর পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, চাঁদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার খায়রুল কবির, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হত্যাকাণ্ডের আলামত সংগ্রহের কার্যক্রম শুরু করেন।

হত্যাকাণ্ডের পেছনে ডাকাতি, নাকি ব্যক্তিগত বিরোধ কিংবা পূর্বপরিকল্পিত কোনো কারণ রয়েছে, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের কেউ কেউ ডাকাতির উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন। তবে ফ্ল্যাট থেকে স্বর্ণালংকার, নগদ টাকা কিংবা মূল্যবান সামগ্রী খোয়া গেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মাত্র ১৮ দিন আগে নতুন ফ্ল্যাটে ওঠা একজন নারী কীভাবে দুর্বৃত্তদের লক্ষ্যবস্তু হলেন, ফ্ল্যাটে বহিরাগত কারও যাতায়াত ছিল কি না এবং ভবনের নিরাপত্তাব্যবস্থা কতটা কার্যকর ছিল—এসব বিষয়ও তদন্তের দাবি রাখে।

চাঁদপুর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, হত্যাকাণ্ডের ঘটনাটি পুলিশ অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

বহুতল আবাসিক ভবনের সপ্তম তলার একটি ফ্ল্যাটে এমন হত্যাকাণ্ডের ঘটনায় বাসিন্দাদের মধ্যেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্বজনদের দাবি, দ্রুত হত্যার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নিশ্চিত করা হোক।

Feb2
Feb2