চাঁদপুরে রং মেশানো শুটকি ও পচা মাংস বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা
চাঁদপুরের বাবুরহাট বাজারে অভিযান চালিয়ে রং মেশানো শুটকি মাছ ও বাসি-পচা মাংস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২২ নভেম্বর) পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী উত্তম কুমার সরকারকে ১০ হাজার, আমিন পাটোয়ারীকে ৫ হাজার এবং একতা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্তরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। এ সময় নষ্ট ও পচা মাংস এবং রং মেশানো শুটকি মাছ ধ্বংস করা হয়।
অভিযানে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অবৈধ মজুদদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভোক্তাদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।



আপনার মতামত লিখুন