ফটিকছড়িতে জুমার নামাজের সময় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের মিছিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯:৪৬ রাত
ফটিকছড়িতে জুমার নামাজের সময় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের মিছিল

চট্টগ্রামের ফটিকছড়িতে জুমার নামাজের সময়ে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার নানুপুর বাজারে এ মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেওয়া কয়েকজনের হাতে লাঠিসোঁটা দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে আসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। মিছিলে আনুমানিক ১৫ থেকে ২০ জন অংশ নেন।

নুরুল করিম নামের একটি ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিওটি প্রকাশ করা হয়। পুলিশ জানিয়েছে, মিছিলটির নেতৃত্বে ছিলেন যুবলীগ নেতা নুরুল করিম।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘জুমার নামাজের সময় মিছিলটি হয়েছে। মিছিলের নেতৃত্বে থাকা নুরুল করিমকে গ্রেপ্তারে এর আগেও অভিযান চালানো হয়েছে। ভিডিওটি আমাদের নজরে এসেছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশের একটি দল অভিযানে রয়েছে।’

Feb2
Feb2