ফটিকছড়িতে ছিনতাইয়ের সাড়ে ৫ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৭
চট্টগ্রামের ফটিকছড়িতে পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলার প্রধান আসামিও রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫ লাখ ৩০ হাজার টাকা প্রধান আসামির ঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের ওপর একটি কালো ব্যাগে লুকানো ছিল।
রোববার (২২ নভেম্বর) ভূজপুর থানা-পুলিশ এসব তথ্য জানায়।
পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর দুপুরে পঞ্চবটি চা বাগানের মসজিদসংলগ্ন কাঁচা রাস্তায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে চা বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল দাশ (৬০) ও পল্লিচিকিৎসক বাবুল দাশকে (৫৩) আহত করে দুর্বৃত্তরা। পরে তাদের কাছ থেকে শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে আবু ও জিহান উদ্দীনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের তথ্যের ভিত্তিতে সম্রাট ও রাশেদকে গ্রেপ্তার করা হয়। ১৬ অক্টোবর চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকা থেকে মামলার প্রধান আসামি জাবেদকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছিল।
সর্বশেষ ১৯ নভেম্বর ভূজপুর বাজার থেকে সুমন ওরফে সিসিলেনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য ও আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরে ২১ নভেম্বর রাতে প্রধান আসামি জাবেদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার স্ত্রী লিলু আক্তারের দেখানো মতে ঘরের সিলিংয়ের ওপর লুকানো কালো ব্যাগ থেকে ৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সম্রাট (২৪), মো. রাশেদ (২৪), মোহাম্মদ আবু (২১), জিহান উদ্দীন (২৪), মো. জাবেদ (৩৩), মো. সুমন ওরফে সিসিলেন (২২) ও লিলু আক্তার (২৭)। তাদের মধ্যে আবু ও সুমন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি দুই লাখ টাকা উদ্ধারে অভিযান চলছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দিকনির্দেশনায় ভূজপুর থানা-পুলিশের বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।



আপনার মতামত লিখুন