লাইফ সাপোর্টে আরও একজন

চট্টগ্রামে বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:৩১ বিকাল
চট্টগ্রামে বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মোহরায় বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

মারা যাওয়া দুজন হলেন উজ্জ্বল (৫২) ও নান্টু (৫০)। তাদের বাড়ি মধ্যম মোহরার বেচারামের বাড়ি এলাকায়। অসুস্থ অন্য তিনজন হলেন সুদীপ্ত দত্ত (৩২), স্বরজ বৈদ্য (৫৬) ও বিধান মহাজন (৩৯)। তাদের মধ্যে সুদীপ্ত দত্তকে নগরীর ম্যাক্স হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অন্য দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২২ নভেম্বর) চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উজ্জ্বল ও নান্টু।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে মোহরার খেজুরতলার ব্রাহ্মণপাড়া এলাকায় একটি অনুষ্ঠানে পাঁচ থেকে ছয় ব্যক্তি মদপান করেন। পরে তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, মদপানের পর বিষক্রিয়ায় দুজনের মৃত্যু হয়েছে। বিষাক্ত মদপানে মৃত্যুর বিষয়টি পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। সৎকারের পর পুলিশ ঘটনাটি জানতে পারে।

Feb2
Feb2