চার দফা দাবিতে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:০৩ রাত
চার দফা দাবিতে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, আওয়ামী লীগের বিচার ও জুলাই গণহত্যার বিচারসহ চার দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগরের নিউমার্কেট মোড়ে পথসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ করেন দলটির নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, বাংলাদেশে সংলাপের নামে কোনো আপস চলবে না। জুলাই সনদ বাস্তবায়নের ভিত্তিতেই সংলাপ হতে পারে। শহীদ ওসমান হাদির বিচার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম থেকেই মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এবার এই চট্টগ্রাম থেকেই ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দেওয়া হচ্ছে। গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হলে বাংলাদেশে ভারতীয় পণ্য চলতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ভারতবিরোধী অবস্থানের কথা বললেও গার্মেন্টস খাত ভারতের হাতে তুলে দেওয়া এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ভারত থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা না করা পরস্পরবিরোধী অবস্থান। তারা এমন পররাষ্ট্রনীতি দেখতে চান না।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সালেহ উদ্দিন সিফাত বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের কথা বললেও তার দলের একজন সংসদ সদস্য জুলাই যোদ্ধাদের নিয়ে অপমানজনক বক্তব্য দিচ্ছেন। নিজ দলের নেতাকর্মীদের শৃঙ্খলার মধ্যে না আনলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়।

সমাবেশ থেকে চার দফা দাবি তুলে ধরে এনসিপি। দাবিগুলো হলো—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।

Feb2
Feb2