ইসরাইলে এক বছরে ২৩ সেনা ও সামরিক কর্মকর্তার আত্মহত্যা
চলতি বছর ইসরাইলে অন্তত ২৩ জন কর্মরত সেনা ও সামরিক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে এক বছরে আত্মহত্যার এটিই সর্বোচ্চ সংখ্যা। সোমবার (২৩ নভেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আত্মহত্যা করা ব্যক্তিদের মধ্যে ১৭ জন গাজায় ইসরাইলের যুদ্ধের সময় নিয়মিত ও রিজার্ভ বাহিনীতে দায়িত্ব পালন করেছিলেন। তবে তারা সক্রিয় সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর চলতি বছর আত্মহত্যা করেন। এ ছাড়া ২০২৬ সালে পাঁচজন পুলিশ কর্মকর্তাও আত্মহত্যা করেছেন।
হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলের সামরিক ও নিরাপত্তা বাহিনীতে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। যুদ্ধ শুরুর আগের এক দশকে ইসরাইলি সেনাবাহিনীতে বছরে গড়ে ১২ জন সেনা আত্মহত্যা করতেন।
সেনাবাহিনীর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ওই বছরের শেষ পর্যন্ত সাতজন কর্মরত সেনা আত্মহত্যা করেন। ২০২৪ সালে এ সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়ায়। ২০২৫ সালে আত্মহত্যা করেন ২২ জন।
তবে সেনাবাহিনীর এসব পরিসংখ্যানে আত্মহত্যার প্রকৃত চিত্র উঠে আসে না বলে জানিয়েছে হারেৎজ। কারণ, সক্রিয় সামরিক দায়িত্বে না থাকা অবস্থায় সাবেক সেনাদের আত্মহত্যার ঘটনা নিয়মিত হিসাবে অন্তর্ভুক্ত করা হয় না।
গত বছর ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছিল, ২০২৩ সাল থেকে দায়িত্ব ছাড়ার পর আত্মহত্যা করেছেন এমন ১৫টি ঘটনা তারা শনাক্ত করেছে।
এ বিষয়ে সেনাবাহিনীর জনবল বিভাগের এক কর্মকর্তা হারেৎজকে বলেন, ১৫টি ঘটনার হিসাব প্রকৃত সংখ্যার চেয়ে কম হতে পারে। আগের বছরগুলোতে কয়েকটি ঘটনা বাদ পড়লেও আত্মহত্যার সংখ্যা বাড়ছে, তা অস্বীকার করার সুযোগ নেই।
হাইফা বিশ্ববিদ্যালয়ের আত্মহত্যা ও মানসিক যন্ত্রণা গবেষণা কেন্দ্রের প্রধান ইয়োসি লেভি-বেলজ সতর্ক করে বলেছেন, ২০২৬ সাল এবং পরবর্তী সময়ে দায়িত্ব পালন করা সেনাদের, বিশেষ করে রিজার্ভ সেনাদের আত্মহত্যার ঝুঁকি বেশি থাকতে পারে।
তিনি বলেন, আত্মহত্যার হার বিবেচনায় আগামী কয়েক বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিস্থিতি নাটকীয় রূপও নিতে পারে।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, চলতি বছর আত্মহত্যা করা ১৭ জন সাবেক সেনার মধ্যে ১০ জনের ক্ষেত্রে সামরিক দায়িত্বের সঙ্গে আত্মহত্যার সম্পর্ক থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। আরও একটি ঘটনা তদন্তাধীন। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর আত্মহত্যা করা কর্মরত সেনাদের অধিকাংশই এর আগে মানসিক স্বাস্থ্যসেবা নেননি।
এদিকে প্রতিবেদনে গাজায় ইসরাইলি আগ্রাসনে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি আহত হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
তথ্যসূত্র: ডেইলি সাবাহ।



আপনার মতামত লিখুন