ফটিকছড়ির সুয়াবিলে দুর্বৃত্তের প্রকাশ্যে গুলিবর্ষণ, আহত ৬
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিলে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এতে পথচারী ও ব্যবসায়ীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালককে আটক করেছে স্থানীয়রা।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে একটি সিএনজি অটোরিকশায় করে ৩-৪ জন দুর্বৃত্ত সুয়াবিলের শোভনছড়ির দিক থেকে চুঁরখারহাট বাজারে আসে। বোরকা পরিহিত অবস্থায় তারা বাজারের মাজার গেটের সামনে পৌঁছে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। পরে গুলি ছুড়তে ছুড়তে চৌমুহনীর দিকে চলে যায়। সেখানে গিয়েও সিএনজি থেকে ফাঁকা গুলি ছোড়ে। এরপর হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় আহতরা হলেন—জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তাঁরা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আটক সিএনজিচালকের ভাষ্যমতে, নাজিরহাট ঝংকার মোড় থেকে সুয়াবিলের শোভনছড়ি যাওয়ার কথা বলে পাঁচজন অপরিচিত ব্যক্তি তাঁর সিএনজি ভাড়া করেন। চুঁরখারহাট বাজারে পৌঁছানোর পর সিএনজিতে বসেই তাঁরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। পরে তাঁরা সিএনজি নিয়ে চৌমুহনীর দিকে চলে যান। চালকের দাবি, ওই পাঁচজনের সবার কাছেই অস্ত্র ছিল।
সুয়াবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মনসুর আলী স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সিএনজিযোগে ৩-৪ জন দুর্বৃত্ত চুঁরখারহাট বাজারের মোড়ে এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে সিএনজিচালক, পথচারী ও ব্যবসায়ীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালককে ধাওয়া করে আটক করেন স্থানীয়রা।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।



আপনার মতামত লিখুন