মিশরে মহাসড়কে ট্যাংকার উল্টে আগুন, নিহত ৩১

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:৫২ সকাল
মিশরে মহাসড়কে ট্যাংকার উল্টে আগুন, নিহত ৩১

মিশরের রাজধানী কায়রোর রিং রোডে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ওয়াররাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুর্ঘটনার পরপরই মহাসড়কে ছড়িয়ে পড়ে ট্যাংকারের পেট্রোল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের যানবাহনে। এতে বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। আগুনের লেলিহান শিখায় মহাসড়কজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, চলন্ত অবস্থায় ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে দুর্ঘটনার কারণ নিয়ে শুরুতে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। পরে আল-আহরাম পত্রিকা তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানায়, ট্যাংকারটির সামনে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্যাংকারটি সড়কের মাঝের বিভাজক অতিক্রম করে উল্টে যায়। এরপরই এতে আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মহাসড়কজুড়ে আগুনের বিশাল শিখা এবং ঘন কালো ধোঁয়া দেখা যায়। আগুনে দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল। আহতদের চিকিৎসার পরিস্থিতি দেখতে কায়রোর একটি হাসপাতাল পরিদর্শন করেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। উদ্ধার অভিযান শেষে মহাসড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

এ ঘটনায় তদন্ত শুরু করেছেন আঞ্চলিক পাবলিক প্রসিকিউটর। নিহতদের পরিচয় নিশ্চিত করতে মরদেহের দেহাবশেষ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

মিশরে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক বড় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটেছে। অপরিকল্পিত আবাসিক এলাকা, জরাজীর্ণ অবকাঠামো এবং উদ্ধারকারী দলের ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্বের কারণে এ ধরনের দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি বাড়ছে বলে বিবেচনা করা হয়।

এদিকে দেশটিতে সড়ক দুর্ঘটনাও উদ্বেগজনক হারে প্রাণহানি ঘটাচ্ছে। যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব ও ট্রাফিক আইন অমান্য করার প্রবণতাকে এর অন্যতম কারণ হিসেবে দেখা হয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর মিশরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আগের বছরের তুলনায় এ সংখ্যা কয়েক শ বেশি।

Feb2
Feb2