মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কা
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণ এবং সৌদি আরবের তেল স্থাপনায় হামলার খবরে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম বেড়ে দাঁড়ায় ৯৪ ডলার ৬৬ সেন্টে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ডব্লিউটিআই তেলের দাম ছিল ৮৪ ডলারের কাছাকাছি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালি অতিক্রমের সময় দুটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত পেয়ে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। তবে এ তথ্য স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। একই সময়ে সৌদি আরবের রাস তানুরা শোধনাগারে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথিরা। সৌদি নেতৃত্বাধীন জোট চারটি ড্রোন প্রতিহত করার কথা জানালেও শোধনাগারে সরাসরি হামলার বিষয়টি নিশ্চিত করেনি।
এদিকে হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক তৎপরতা চললেও অগ্রগতি নেই। তেহরান অবরোধ প্রত্যাহার ও যুদ্ধ বন্ধের শর্ত দিয়েছে। কাতারের মধ্যস্থতায় এসব শর্ত পূরণ হলে ৪৮ ঘণ্টার মধ্যে প্রণালি খুলে দেওয়ার প্রস্তাবও দিয়েছে ইরান।
বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হতে পারে। এতে তেলের দাম আরও বাড়ার ঝুঁকি রয়েছে।



আপনার মতামত লিখুন