প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ খাতের উৎপাদন বাড়িয়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, হালাল মাংস, দুগ্ধজাত পণ্য, পোলট্রি ও চামড়াজাত পণ্য রপ্তানিতে বাংলাদেশের সামনে বড় সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, বাংলাদেশ ইতোমধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম (হ্যাচিং এগ) রপ্তানি করেছে। আন্তর্জাতিক বাজারে প্রচলিত পণ্যের পাশাপাশি নিয়ম মেনে বিভিন্ন অপ্রচলিত প্রাণিজ পণ্য রপ্তানিরও সুযোগ রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুধ, মাংস ও ডিমের চাহিদা পূরণের পাশাপাশি দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ মানুষের আয় বাড়াতেও এ খাতের অবদান রয়েছে।
এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য সরবরাহ ও উন্নত ব্যবস্থাপনার ওপর জোর দেন তিনি। পাশাপাশি আধুনিক খামার পরিচালনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তারেক রহমান বলেন, প্রাণিসম্পদ খাতে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি রপ্তানি সম্প্রসারণেও পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। অন্যদিকে দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মান বজায় রেখে হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্য রপ্তানি দেশের জন্য সম্ভাবনাময় ক্ষেত্র হয়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাত এখন আর শুধু গ্রামীণ পর্যায়ে গবাদিপশু পালনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি ক্রমেই বাণিজ্যিক, পুষ্টিনিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে পরিণত হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতিকে গতিশীল রাখা এবং মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে এ খাতের সম্ভাবনা ব্যাপক।
আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’। এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।
সপ্তাহটি উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী আয়োজনের সঙ্গে সম্পৃক্ত খামারি, উদ্যোক্তা, গবেষক, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সার্বিক সাফল্য কামনা করেন তিনি।



আপনার মতামত লিখুন