জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও কলেজ শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন আনার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে পৌঁছান। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মিলনের কার্যক্রম শুরু হয়।
‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মিলনের মূল লক্ষ্য উচ্চশিক্ষার মান বৃদ্ধি, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা এবং সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার মান নিশ্চিত করতে অধ্যক্ষদের দায়িত্ব আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ এসব কলেজের। ফলে দেশের উচ্চশিক্ষার সামগ্রিক উন্নয়নে এসব প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ।
সম্মিলনে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় জোরদার, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং কলেজ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর-২) অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।



আপনার মতামত লিখুন