সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা
দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটারে ৩ টাকা এবং পাঁচ লিটারের বোতলে ১৫ টাকা বেড়েছে। তবে খোলা পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ থেকে বেড়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮৫ থেকে বেড়ে ১৮৮ টাকা হয়েছে। পাঁচ লিটারের বোতলের দাম ১ হাজার থেকে বেড়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা পাম তেল আগের মতোই ১৬৬ টাকা লিটার বিক্রি হবে।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম ও আমদানি ব্যয় বৃদ্ধি এবং দেশের সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এ মূল্য সমন্বয় করা হয়েছে।
সভায় ব্যবসায়ীরা জানান, গত ২ সেপ্টেম্বরের পর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশে মূল্য সমন্বয় হয়নি। আসন্ন রমজানে পর্যাপ্ত মজুত ও সরবরাহ নিশ্চিত করতে আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম বাড়ানোর দাবি জানান তারা।
এদিকে বাজারে কৃত্রিম সংকট, অবৈধ মজুত ও নির্ধারিত দামের বেশি দামে তেল বিক্রি ঠেকাতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



আপনার মতামত লিখুন