কেন্দ্র পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক, মোবাইল ফোন ব্যবহার হবেনা কেন্দ্রে
২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : সারা দেশের সাথে চট্টগ্রামেও একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। সোমবার ৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার ১৯৬ কেন্দ্রে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়।
প্রথম দিন বাংলা ১ম পত্র বিষয়ের পরীক্ষায় অংশ নিচ্ছে মাধ্যমিকের প্রায় ১ লাখ ১২ হাজার নিয়মিত শিক্ষার্থী। 
চট্টগ্রাম শিক্ষাবোর্ড কতৃপক্ষ জানায়, চট্টগ্রামে এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ৬২টি সাধারণ ভিজিল্যান্স টিম এবং ১০টি স্পেশাল ভিজিল্যান্স টিম মাঠে কাজ করছে। তাছাড়া মাঠে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে যাতে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে কেউ সুবিধা নিতে না পারে।
এদিকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী জানান, এবার পরীক্ষা চলাকালীন পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে থেকে কোন পরীক্ষার্থী ও শিক্ষক মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই পরীক্ষা কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে।
জরুরি প্রয়োজনে শুধুমাত্র কেন্দ্র সচিব মোবাইল ব্যবহার করতে পারবে সেক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে স্মার্ট ফোন ব্যবহারে। 
কেন্দ্র পরিদর্শণ : সোমবার ৩ ফেব্রুয়ারি সকালে পরীক্ষা শুরু হওয়ার পর চট্টগ্রাম নগরীর জামালখান ড. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ ও চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন। এসময় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দায়িত্বরত উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেন্দ্র পরিদর্শণ শেষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ সাংবাদিকদের জানান, পরীক্ষা নির্বিঘ্ন ভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
তিনি বলেন, এবার পরীক্ষা শুরুর কয়েকদিন আগে থেকেই কোচিং সেন্টার এবং ফটোকপিয়ার মেশিন বন্ধ করা হয়েছে। এরপরও কয়েকজন নিষেধ অমান্য করে কোচিং ও ফটোকপিয়ার চালু রাখার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তাদেরকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করা হয়েছে। পরীক্ষার কেন্দ্র এবং তার বাইরের পরিবেশটাই এখন পরীক্ষার দেওয়ার মতো উপযোগী পরিবেশ বলে মন্তব্য করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।
প্রশ্নফাঁসের গুজব ঠেকাতেও প্রশাসন সর্ব্বোচ্চ সতর্ক আছে বললেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন। তিনি জানান, জেলা প্রশাসক প্রশ্নপত্র ফাঁস এবং নানান গুজব প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। জেলা প্রশাসনের একাধিক টিম গুজবের বিষয়ে সর্বাত্মক নজরদারিতে থাকবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডের অধিনে ১ হাজার ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৪৪ হাজার ৯০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ১২ হাজার ৯৯০ জন। বাকি পরীক্ষার্থীদের মধ্যে অনিয়মিত ৩০ হাজার ৯৬৫ জন এবং মানোন্নয়ন দিতে ১৩৫ জন এসএসসি পরীক্ষায় অংশ নেবে।
এবারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিচ্ছে ৩০ হাজার ২৬৮ জন, মানবিক বিভাগ থেকে ৫২ হাজার ৪৫৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬১ হাজার ৩৬৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।


আপনার মতামত লিখুন