এইচএসসিতে ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩ কলেজকে শোকজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:৫৯ দুপুর
এইচএসসিতে ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩ কলেজকে শোকজ

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ৩০ শতাংশের কম শিক্ষার্থী পাস করায় চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানের মধ্যে একটিতে পাসের হার মাত্র ১০ শতাংশ। কয়েকটি প্রতিষ্ঠানে পাসের হার ২০ শতাংশেরও নিচে। ফলাফল বিপর্যয়ের কারণ জানতে প্রতিষ্ঠানগুলোর বিগত পাঁচ বছরের একাডেমিক ও প্রশাসনিক নথিপত্র তলব করেছে বোর্ড।

শুধু চাঁদপুর নয়, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার মোট ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের নিয়ে জরুরি সভা ডেকেছে বোর্ড। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ।

বোর্ড সূত্রে জানা গেছে, শোকজ পাওয়া ৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লার ৩১টি, নোয়াখালীর ১৫টি, চাঁদপুরের ১৩টি, লক্ষ্মীপুরের ১১টি, ব্রাহ্মণবাড়িয়ার ৫টি এবং ফেনীর ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

বোর্ডের নোটিশে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ৩০ শতাংশের কম শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা দিতে হবে। পাশাপাশি বিগত পাঁচ বছরের একাডেমিক ও প্রশাসনিক কাগজপত্রসহ অধ্যক্ষদের নির্ধারিত সময়ে বোর্ডে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

চাঁদপুরের ১৩ প্রতিষ্ঠানের পাসের হার

শোকজ পাওয়া চাঁদপুরের প্রতিষ্ঠানগুলোর ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে কম পাসের হার চাঁদপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজে। প্রতিষ্ঠানটিতে পাস করেছেন মাত্র ১০ শতাংশ শিক্ষার্থী। অন্য প্রতিষ্ঠানগুলোর ফলাফল হলো—

১. চাঁদপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজ — ১০.০০ শতাংশ।
২. বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ — ১২.৭৯ শতাংশ।
৩. সাচার ডিগ্রি কলেজ — ১৭.৩৫ শতাংশ।
৪. কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ — ১৯.০৫ শতাংশ।
৫. লাউতলী ডা. রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ — ২১.৪৩ শতাংশ।
৬. নাসিরকোট শহিদ স্মৃতি ডিগ্রি কলেজ — ২৩.৪৪ শতাংশ।
৭. ফরক্কাবাদ ডিগ্রি কলেজ — ২৩.৫০ শতাংশ।
৮. সুজাতপুর ডিগ্রি কলেজ — ২৪.৭৪ শতাংশ।
৯. নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ — ২৪.৮৮ শতাংশ।
১০. চিতোষী ডিগ্রি কলেজ — ২৫.৮৪ শতাংশ।
১১. মুন্সী আজিম উদ্দিন কলেজ — ২৬.২৩ শতাংশ।
১২. নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর হাই স্কুল অ্যান্ড কলেজ — ২৭.৪৮ শতাংশ।
১৩. কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ — ২৮.১৬ শতাংশ।

প্রতিষ্ঠানের পাঠদান ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। বোর্ডের সামগ্রিক ফলাফলের তুলনায় ৩০ শতাংশের কম পাসের হার পাওয়া প্রতিষ্ঠানগুলোর ফলাফল উদ্বেগ তৈরি করেছে।

বিশেষ করে চাঁদপুরের কয়েকটি প্রতিষ্ঠানে পাসের হার ১০ থেকে ২০ শতাংশের মধ্যে থাকায় শ্রেণিকক্ষে পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষকদের দায়িত্ব পালন এবং একাডেমিক ব্যবস্থাপনার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে ফল বিপর্যয়ের পেছনে শিক্ষার্থীদের অনুপস্থিতি, শিক্ষক সংকট, বিষয়ভিত্তিক দুর্বলতা, আর্থসামাজিক পরিস্থিতি কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।

শিক্ষাসংশ্লিষ্ট মহলের মতে, শুধু শোকজের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিষ্ঠানগুলোর বিগত পাঁচ বছরের ফলাফল, শিক্ষার্থী ভর্তি ও উপস্থিতির হার, শিক্ষকসংখ্যা, পাঠদানের অগ্রগতি এবং পরিচালনা পর্ষদের ভূমিকা পর্যালোচনা করা প্রয়োজন।

বিশেষ করে যেসব প্রতিষ্ঠানে পাসের হার ১০ থেকে ২০ শতাংশের মধ্যে, সেগুলোর ফল বিপর্যয়ের কারণ আলাদাভাবে অনুসন্ধান করা জরুরি।

বোর্ডের জরুরি সভায় অধ্যক্ষদের বক্তব্য ও দাখিল করা নথিপত্র পর্যালোচনার পর কী সিদ্ধান্ত আসে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল।

Feb2
Feb2