লোহাগাড়ায় ২ নারীসহ তিন মাদক ব্যবসায়ি গ্রেফতার, ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার
২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, ঈদগাহ জাগির পাড়া এলাকার সৈয়দ আহমদের স্ত্রী খালেদা বেগম (৩০), একই এলাকার রফিক প্রকাশ বোবা রফিকের স্ত্রী ছালেহা বেগম (৩০) এবং কক্সবাজারের ঈদগাহ ভিলিজার পাড়ার মৃত নাজির হোসেনের ছেলে শামশুল আলম (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, তাদের কাছে আগে থেকে গোপন তথ্য ছিলো কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী একটি মাইক্রোবাসে করে কয়েকজন মাদক ব্যবসায়ি ইয়াবা পাচার করছে।
এমন খবরে ওই এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশী করা হয়। এসময় ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার হয় এবং ইয়াবা বহনের অপরাধে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়িকে পুলিশ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে জানালেন ওসি জাকের।


আপনার মতামত লিখুন