পাহাড়ে উঠে ছিনতাইয়ের শিকার চবির ১৬ শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদের পেছনে অবস্থিত টেলিটক পাহাড়ে ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন ১৬ শিক্ষার্থী।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার সকলে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা যায়। এ সময় শিক্ষার্থীদের কাছ থেকে ১১টি মোবাইল, একটি সোনার চেইন ও প্রায় পাঁচ হাজার নগদ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
ভুক্তভোগী শিক্ষার্থী তাফহিমুল নিহাল বলেন, ‘আমাদের ব্যাচের ১৬ জন বন্ধু-বান্ধব মিলে টেলিটক হিলে ঘুরতে গেলে পাঁচজন মুখোশ পরা ছিনতাইকারী রামদা হাতে নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। এ সময় আমাদের কাছ থেকে ১১টি স্মার্ট ফোন ছিনিয়ে নেয়। এ বিষয়ে আমরা প্রক্টরের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছি।
তিনি আরো বলেন, ছিনতাইয়ের কিছুক্ষণ পর আমাদের আরো কয়েকজন সহপাঠীদের নিয়ে পুনরায় ঘটনাস্থলে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তাদের দেখে আমরা দৌঁড়ে পিছু নেই। একপর্যায়ে তারা খালের মধ্যে দিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে যায়। এ সময় আমরা দুটি ফোন সেখান থেকে উদ্ধার করি।
এ বিষয়ে চবি প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, ছিনতাই নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।


আপনার মতামত লিখুন