নীলফামারীতে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক চারুকলা উৎসব-২০২০
শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ ‘প্রকৃতিই জীবন, সুন্দর জীবনের জন্য শিল্প’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামাীতে সংবাদ সম্মেলন করেছে চারুকলা উৎসব ২০২০ নীলফামারী আয়োজক কমিটি। এতে সার্বিক সহযোগিতায় থাকবেন ভিশন ২০২১ নীলফামারী।
শনিবার (২২ ফেব্রয়ারী) দুপুরে নীলফামারী কেন্দ্রিয় শহীদ মিনার চত্তরে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক মোহাম্মদ ইউনুস সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামী ২৬ থেকে ২৯ ফেব্রয়ারী এই উৎসব চলবে। এই উপলক্ষে, জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা গ্রামের নীল সাগরে (বিন্না দীঘি) তৃতীয় আর্ন্তজাতিক চারুকলা উৎসব ২৭ ফেব্রয়ারি দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হবে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে,এম খালিদ এমপি।
অনুষ্ঠানের উদ্ধোধন করবেন, বরেণ্য শিল্প অধ্যাপক রফিকুন নবী ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিল্পানুরাগী আবুল খায়ের লিটু। এতে সভাপতিত্ব করবেন, নীলফামারী সদর আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
সংবাদ সম্মেলনে তিনি জানান, শিল্পকলা চর্চার মাধ্যমে রুচিশীল ও সংস্কৃতিমনস্ক প্রজন্ম গড়ে তোলা এবং কয়েক প্রজন্মের শিল্পীদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে প্রতি বছর দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে আয়োজিত হয়ে আসছে চারুকলা উৎসব।
এতে অংশ গ্রহন করবেন বাংলাদেশের বরেণ্য ও তরুণ শিল্পীবৃন্দ ছাড়াও যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, রুমানিয়া, মিয়ানমার, নেপাল, জার্মানী, ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশের ১২ জন স্বনামধণ্য শিল্পী।
এ ছাড়াও, নীলফামারীর বিভিন্ন স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী টানা চার দিন শিল্পকর্ম নির্মাণের সুযোগ পাবে। উৎসবে অন্তর্ভূক্ত থাকছে আর্ন্তজাতিক আটক্যাম্প, কনটেম্পোরারীর আর্ট প্রজেক্ট, শিল্পকর্ম প্রর্দশনী. সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, কারুমেলা ও লোক সংস্ক্রতির বৈচিত্রময় উপস্থাপন। এই আর্ন্তজাতিক চারুকলা উৎসবে দেশী ও বিদেশী শিল্পীরা উপস্থিত থাকার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উৎসবের কিউরেটর ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের সহকারী অধ্যাপক হারুন-অর-রশীদ টুটুল, চারুকলা উৎসবের কো-কিউরেটর শিল্পী দিনার সুলতানা পুতুল, জেলা সম্মিলিত সংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিল, আন্তর্জাতিক চারুকলা উৎসবের সদস্য সচিব ওয়াদুদ রহমান, জেলা রবীন্দ্র সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন ও সংস্কৃতিকর্মী মোঃ সেলিম প্রমুখ।


আপনার মতামত লিখুন