শ্রমিকদের ৩০ হাজার মজুরির দাবি

নারায়ণগঞ্জে বিক্ষোভকারীদের উপর পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ২:২৩ দুপুর
নারায়ণগঞ্জে বিক্ষোভকারীদের উপর পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ

মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন নারায়ণগঞ্জের পোশাকশ্রমিকেরা। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের পাশে কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা।

প্রত্যক্ষদর্শী এক ওষুধের দোকানি জানান, শ্রমিকেরা জড়ো হওয়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাঁদের প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে। একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

মেট্রো নিটিংয়ের এক শ্রমিক অভিযোগ করেন, তাঁরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। এ সময় বিএনপির নেতারা এসে শ্রমিকদের মারধর করেন।

এদিকে পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে মিশর হোসিয়ারির জান্নাত (১৮) নামে এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, শ্রমিকেরা মূল সড়কে ওঠার চেষ্টা করলে তাঁদের মজুরি বোর্ড গঠন ও সিদ্ধান্ত আসার বিষয়টি জানিয়ে নিবৃত করার চেষ্টা করা হয়। কিন্তু তাঁরা না মানায় ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। জনভোগান্তি সৃষ্টি করে সড়ক দখল করতে দেওয়া হবে না।

Feb2
Feb2