বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সিএনজি অটোরিকশা ও পিকআপভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, স্কুল শিক্ষিকা পলি রাণী মজুমদার (৩৭) ও তার দুই বছরের শিশু কন্যা মিতিকা দে মিদি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই স্কুলছাত্রী।
বুধবার সকাল ৯টায় সোনাইমুড়ী চৌমুহনী চৌরাস্তা সড়কের মজুমদারহাট সংলগ্ন ছালামের চা দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মা-মেয়ে চৌমুহনী পৌরসভার আলীপুরের বাসিন্দা। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, সকালে চৌমুহনী চৌরাস্তা থেকে মির আলীপুুরের দিকে একটি সিএনজি অটোরিকশা ছেড়ে আসে। মজুমদারহাট সংলগ্ন ছালামের চা দোকানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ধুমড়ে মুছড়ে মা ও মেয়ে ঘটনাস্থলেই নিহত হন।
চৌমুহনী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিপন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পিকআপ ও সিএনজি অটোরিকশাটি আটক করা হয়েছে।’


আপনার মতামত লিখুন