চবি’র আবাসিক হলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার
চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হলে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে প্রক্টরিয়াল বডি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
বুধবার (১১ মার্চ) সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। পুলিশের সহায়তায় হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি যৌথভাবে এ তল্লাশি অভিযান পরিচালনা করে।
উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ৯ টি রামদা, ১ বস্তা পাথর ও বেশ কিছু লাঠিসোঁটা। জানা যায়, হলের পরিবেশ ঠিক রাখা ও শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা দেখার জন্য হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এতে কাউকে আটক করা না হলেও অন্য হলের সাথে সংযুক্ত কয়েকজন শিক্ষার্থীকে পাওয়া যায়। পরে তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট প্রফেসর ড. এ কে এম মাঈনুল হক মিয়াজী বলেন, বিশ্ববিদ্যালয়ে আমাদের হলগুলোতে বৈধ ছাত্রদের থাকার নিশ্চয়তা দেয়ার জন্য এবং হলের পরিবেশ ঠিক রাখার জন্যে রুটিন কাজের অংশ হিসেবে হলে অবৈধ কেউ আছে কিনা চেক করছি। আমাদের এই ধরনের কাজ চলতেই থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, আমাদের ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে প্রক্টরিয়াল বডি ও হল প্রশাসন যৌথভাবে আব্দুর রব হলে অভিযান পরিচালনা করে। এসময় কিছু রামদা, লাঠিসোঁটা উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন