ইডিইউতে দুই দিনব্যাপী ইঞ্জিনিয়ারিং ডে কাল শুরু
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) সারাদেশ থেকে ২৫টি বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক দলের অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘ইন্টার ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ডে ২০২০’ শুরু হবে আগামীকাল ১৩ মার্চ শুক্রবার। আগামী ১৪ মার্চ পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে আগামীর প্রকৌশলীদের এই উৎসব।
এটি উদ্বোধন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। প্রধান অতিথি থাকবেন ইডিইউর উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান। শেষ দিনে প্রধান অতিথি থাকবেন ইডিইউর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।
দুই দিনব্যাপী এ অনুষ্ঠানমালায় রয়েছে ৭টি প্রতিযোগিতা। এগুলো হলো- হ্যাকাথন, ইঞ্জিনিয়ারিং অলিম্পিয়াড, প্রোগ্রামিং কনটেস্ট, প্রজেক্ট শো-কেইস, পোস্টার প্রেজেন্টেশন, আইডিয়া কনটেস্ট এবং রোবো সকার কম্পিটিশন।
এছাড়াও ইন্ডাস্ট্রিতে কর্মরত বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে টেক টক। এতে অংশ নেবেন- চুয়েটের অধ্যাপক ড. মো. শামসুল আরেফিন, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের জেনারেল সেক্রেটারি মুনির হাসান, স্যামসাং বাংলাদেশের চিফ টেকনোলজি অফিসার জুবেরুল ইসলাম, গ্রামীণফোনের চট্টগ্রাম হেড অব সার্কেল মার্কেটিং রেজওয়ান চৌধুরী, গ্রামীণফোনের প্রোডাক্ট ম্যানেজার মুহাম্মদ জাকারিয়া হায়দার এবং অটোমেশন ইঞ্জিনিয়ারিং এন্ড কন্ট্রোলস লি. এর পরিচালক ইঞ্জিনিয়ার তাওহিদুল ইসলাম।


আপনার মতামত লিখুন