চট্টগ্রামের ফতেয়াবাদে শতবর্ষী পুকুর ভরাটের অভিযোগ!
২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম হাটহাজারী থানার চেীধুরীহাট এলাকায় শতবর্ষী একটি পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি ছাড়াই পরিবেশ আইন অমান্য করে দুই থেকে আড়াই শতাধিক পরিবারের ব্যবহারযোগ্য পুকুরটি রাতের আঁধারে ভরাট করা হচ্ছে।
কয়েক মাস আগে এই পুকুর ভরাটের কাজ শুরু করে। কিন্তু বর্তমানে নিষেধাজ্ঞা না মেনে এখন প্রতিরাতেই বিশাল আকৃতির এই পুকুরটি ভরাট করে সমতল ভূমিতে পরিণত করে চলেছে একটি সিন্ডিকেট।
জানা যায়, ফতেয়াবাদ চেীধুরীহাটের পূর্বদিকে ক্ষেত্রপাল বাড়ী সংলগ্ন পুকুরটি দীর্ঘদিন যাবত এলাকার মানুষ গোসল ও নানান নিত্য ব্যবহারিক কাজে পানির প্রয়োজনীয়তা মিঠিয়ে আসছিলো। আইনের তোয়াক্কা না করে পুকুরটি রাতের অন্ধকারে ভরাট করে ফেলছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শতবর্ষী এই পুকুরটি এলাকার দীর্ঘদিন যাবত ব্যবহার করে আসছে। কিন্তু পুকুরের ক্রয়কৃত মালিকগণ আইন না মেনে এই পুকুরটি ভরাট করে ফেলেছেন।
স্থানীয় অধিবাসী নারায়ণ ধর জানান দুই থেকে আড়াই শতাধিক পরিবার এ পুকুরের পানি ব্যবহার করে। এ ছাড়াও এলাকায় অগ্নিকাণ্ডের সময় এ পুকুরের পানি ব্যবহৃত হয়।’
তিনি বলেন, ‘পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পুলিশ কমিশনার ও স্থানীয় ভূমি কার্যালয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হলে সরেজমিন তদন্ত করে পুকুর ভরাট কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়ার আশ্বাস দেন পরিবেশ অধিদপ্তর।
‘পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও ভূমি কর্মকর্তার নিষেধাজ্ঞা থাকার পরও রাতের আঁধারে পুকুর ভরাটের কাজ চলে আসছে এবং স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে রাতে ট্রাকে করে বালি ফেলে পুকুরটি ভরাট করার অভিযোগ করেছেন স্থানীয়রা।
এদিকে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করে পুকুর ভরাটের সত্যতা পাওয়ায় সিন্ডেকেটকে পরিবেশ অধিদপ্তরে কৈফিয়ত দেওয়ার জন্য তলব করা হবে বলে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তর সূত্রে সাংবাদিকদের জানানো হয়।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহানগর পরিচালক আজাদুর রহমান মল্লিক সাংবাদিকদের জানান, জলাশয় আইন অনুযায়ী কোনো ব্যক্তি মালিকানাধীন পুকুরও ভরাট করা যাবে না। পুকুর ভরাটকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে পুকুরের ক্রয়কৃত মালিক সুবল ধরের মুঠোফোনে (01819….58) যোগাযোগ করা হলেও তার সংযোগ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন