খুঁজুন
, ,

লক্ষ্মীপুরে রাস্তায় প্রশাসন থাকলেও জনপ্রতিনিধিদের দেখা নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 9 April, 2020, 9:42 pm
লক্ষ্মীপুরে রাস্তায় প্রশাসন থাকলেও জনপ্রতিনিধিদের দেখা নেই

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি ::: করোনা ভাইরাসের আগ্রাসনের ফলে সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। গণপরিবহন থেকে শুরু করে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নিম্ন আয়ের থেকে মধ্যবিত্ত সবাইকে ঘরে থাকার জন্য আহ্বান জানিয়েছে সরকার। যদিও লক্ষ্মীপুরে এই মহামারিতে জনপ্রতিনিধিদের তুলনায় আইন-শৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনকে তৎপর দেখা গেছে।

লক্ষীপুরের ৪ সংসদ সদস্যদের মধ্যে এ কে এম শাহজাহান কামাল, ডঃ আনোয়ার হোসেন খান, মেজর (অব:) আবদুল মান্নান, কাজী শহিদুল ইসলাম পাপুল এখন পর্যন্ত তাদের সংসদীয় আসনে আসেননি। তারা সংসদীয় এলাকা থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করছে।

জেলা পরিষদের চেয়ারম্যান সহ লক্ষ্মীপুরে পাঁচটি উপজেলা চেয়ারম্যান, চারটি পৌরসভার মেয়র ৫৮ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া অন্যদেরকে মাঠে দেখা যায়নি।

এদিকে উপজেলা চেয়ারম্যানদের মধ্যে সদর উপজেলার একেএম সালাউদ্দিন টিপু, কমলনগর উপজেলার মেজবাহউদ্দিন বাপ্পি, রায়পুর উপজেলার ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া ছাড়া অন্য কাউকে এই মহামারী অবস্থায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়নি।

জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন প্রতিদিনই জনসচেতনতা থেকে শুরু করে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। পুলিশ প্রশাসন প্রতিদিনই জনসচেতনতা, খাদ্য সহায়তা সহ জনসমাগম যেন না ঘটে তা মনিটরিং করে যাচ্ছে।

পুলিশ সুপার ড. এ এইচ কামরুজ্জামান বলেন, গ্রাম-গঞ্জে মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখাসহ জন-সচেতনামূলক কাজ করছে পুলিশ। এ ছাড়া সড়কে পুলিশের মাধ্যমে যানবাহন চালকদের সচেতন করা হচ্ছে। একইসাথে সাধারণ মানুষের মাঝে মাস্ক, সাবান, হ্যান্ড গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সিভিল প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন যৌথভাবে কাজ করছে। সরকারের নির্দেশ মোতাবেক জেলায় নিত্যপণ্য ও ঔষধের দোকান ব্যতিত সকল প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। মানুষকে সচেতন করতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের মাধ্যমে জেলা-উপজেলায় অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত জেলায় এখনো কোন করোনা আক্রান্তের সংখ্যা নাই। বিদেশ ফেরতদের হোম কোয়ারাইনন্টাইন নিশ্চিত করা হচ্ছে। কোয়ারাইনন্টাইন অম্যানকারীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমান করা হচ্ছে। হাট-বাজারে জন-সচেতনতায় মাইকিং, লিফলেট বিতরণসহ স্বাস্থ্য সুরক্ষায় সকল উপকরণ বিতরণ করা হচ্ছে। সরকারী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত করোনা প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।

সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, করোনাভাইরাস প্রতিরোধে জন-সচেতনতায় সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করছে। পরস্পর তিন ফুট সামাজিক দূরত্ব বজায় রাখতে নিত্যপণ্য ও ঔষধের দোকানের সামনে লাল বৃত্ত এঁকে দেয়া হচ্ছে, সংক্রমণ সুরক্ষায় হতদরিদ্র ও দিনমজুরদের মাস্ক, সাবানসহ বিভিন্ন উপকরণ দেয়া হচ্ছে। এ ছাড়া হোম কোয়ারাইনন্টাইনে থাকা ব্যক্তিদের কোয়ারাইনন্টাইন মানা হচ্ছে কিনা তাও নিয়মিত তদারকি করছে সেনাবাহিনী টিম। করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে নিজ দায়িত্বে সচেতন হওয়ার আহবান জানান এ কর্মকর্তা।

Feb2
Feb2

আনোয়ারায় বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ২ নারী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 30 July, 2026, 10:20 pm
আনোয়ারায় বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ২ নারী

আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা অন্তত ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাকে চাপা দেয় বাসটি। ভয়াবহ এ দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারসংলগ্ন টানেল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি এলাকার বাসিন্দা পলি দত্ত (৩৫) ও ইফা শীল (৪০)।আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাতে টানেল মোড়ে যাত্রীর অপেক্ষায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়ে। বাসের প্রচণ্ড ধাক্কায় দোকানের সামনে থাকা অন্তত ছয়টি অটোরিকশা ও রিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে দোকানের ভেতরে ও বাইরে থাকা অনেকেই চাপা পড়ে আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, এ পর্যন্ত অন্তত ১০ জন আহত হওয়ার তথ্য পেয়েছি। হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়েছে। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিন্দিতা বলেন, দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন।আহতের সংখ্যা এখনও নিশ্চিত নয়। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

এদিকে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাস ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাগুলো উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকে আইনের আওতায় আনতে অভিযান চলছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রতিটি নাগরিককে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: এরশাদ উল্লাহ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 30 July, 2026, 10:02 pm
প্রতিটি নাগরিককে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: এরশাদ উল্লাহ

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রাম জিয়া স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম অঙ্গীকার ছিল—রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সারা দেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত সেই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপি এ বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন, বাংলাদেশ আজ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম। ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, বন্যা, নদীভাঙন ও তাপমাত্রা বৃদ্ধি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার হলো পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং একটি স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছেন তিনি। চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট এ কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করবে, ইনশাআল্লাহ। আমরা চাই বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হোক। পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। তাহলেই আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নির্মল ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, বৃক্ষরোপণ পরিবেশ রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলার অন্যতম কার্যকর উপায়। তাই এ কর্মসূচিকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। চট্টগ্রাম মহানগরের প্রতিটি থানা, ওয়ার্ড, ইউনিট, সহযোগী ও অঙ্গসংগঠন এবং সামাজিক সংগঠনকে সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়ে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। একই সঙ্গে লাগানো প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গৃহীত বৃহৎ বৃক্ষরোপণ উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএনপিও জনগণকে সম্পৃক্ত করে দেশব্যাপী সবুজায়ন কর্মসূচি সফল করতে কাজ করবে। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির সদস্য খোরশেদ আলম, জাফর আহমেদ, মাহাবুব রানা, হানিফ সওদাগর এবং মোহাম্মদ আশরাফুল ইসলামসহ চট্টগ্রাম মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খাল দখল ও দূষণ বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে: মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 30 July, 2026, 8:15 pm
খাল দখল ও দূষণ বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে: মেয়র

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের অংশ হিসেবে চলমান কার্যক্রম তদারকির অংশ হিসেবে বারাইপাড়া খাল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার পরিদর্শনকালে তিনি খালের বর্তমান অবস্থা, পানি প্রবাহ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং চলমান উন্নয়ন কাজের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

পরিদর্শন শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বারইপাড়া খাল খনন প্রকল্প প্রায় ১০ লক্ষ মানুষের জলাবদ্ধতার সমস্যা থেকে বাঁচিয়েছে। খননকৃত খালের জন্য পূর্ব বাকলিয়া, পূর্ব ষোলশহর এবং পশ্চিম বাকলিয়ার অনেক অংশের মানুষ বর্ষায় জলাবদ্ধতার ভোগান্তি পোহাচ্ছেনা৷ প্রকল্পটির কারণে স্থানীয় পর্যায়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হওয়ায় স্থানীয়দের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। এছাড়া, প্রকল্পের অংশ হিসেবে নির্মিত ফুটপাত এবং খালপাড় সুস্থ বিনোদনের উৎস হয়ে উঠেছে।

“চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত করতে খালগুলো সচল রাখা অত্যন্ত জরুরি। খাল দখল, ময়লা-আবর্জনা ফেলা এবং পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা কোনোভাবেই বরদাশত করা হবে না। নগরবাসীর সহযোগিতা ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে খাল-নালা পরিষ্কার রাখা এবং পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়মিত খাল ও নালা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করছে। কোথাও অবৈধ দখল বা বাধা থাকলে তা দ্রুত অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একটি পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

এ সময় মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তাদের খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি, আবর্জনা অপসারণ এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রকৌশলী ফরহাদুল আলম এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।