বালিয়াডাঙ্গীতে করোনা জয় করে বাড়ি ফিরলেন দুই যুবক
ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় করোনায় আক্রান্ত ৪ জনের মধ্যে দুইজন সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরেছেন।
শনিবার (৯ মে) দুপুর ২টার সময় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালে চিকিৎসকদের নিবীড় পর্যবেক্ষণ ও আন্তরিক প্রচেষ্টায় অল্প সময়ে করোনা মুক্ত হয়েছেন উপজেলায় প্রথম করোনা শনাক্ত হওয়া রোগী জাহাঙ্গীর আলম ও ২য় রোগী আল আমিন। দুজনকেই ছাড়পত্র ও অভিনন্দন জানিয়ে বাড়ীতে পাঠানো হয়েছে তাদেরকে।
করোনা যোদ্ধারা জানান, প্রথমে খুব ভয় পেয়েছিলেন করোনা পজেটিভ আসার খবরে। কিন্তু হাসপাতালে আইসোলেশনে আসার পর চিকিৎসক সাহস যোগিয়েছেন করোনা জয়ের।চিকিৎসকগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে হাসিমুখে বাড়ী ফিরেছেন তারা।
বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ঠুমনিয়া ও মধ্য চাড়োল গ্রামে করোনা যোদ্ধাদের বাড়ী।
এদিকে করোনা যোদ্ধাদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সরকারি কর্মকর্তা, চিকিৎসক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিরা।
প্রসঙ্গত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এ পর্যন্ত চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। আর জেলাজুড়ে আক্রান্ত হয়েছেন ২৪ জন। এদের মধ্যে ৬ জন সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন বলে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে।
২৪ ঘন্টা/এম আর/গৌতম


আপনার মতামত লিখুন